মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, দুবাইয়ে হোটেলবন্দি অভিনেত্রী শুভশ্রী ও পুত্র ইউভান ইরান ও ইজরায়েলের মধ্যে শুরু হওয়া তীব্র সংঘাতের প্রভাব এবার টলিউড তারকাদের জীবনেও। মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিদেশের মাটিতে আটকে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছে তাঁর ছোট ছেলে ইউভান। বর্তমানে তাঁরা দুবাইয়ের একটি হোটেলে কার্যত বন্দি অবস্থায় রয়েছেন।
জানা গেছে, ব্যক্তিগত সফরে বা কাজের প্রয়োজনে দুবাই গিয়েছিলেন শুভশ্রী। আগামী ৫ মার্চ তাঁদের কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিগড়ে যাওয়ায় এবং একের পর এক উড়ান বাতিল হওয়ায় অনিশ্চয়তার মুখে তাঁদের ফেরা। দুবাই এবং আবু ধাবিতে অনেক ভারতীয় বিমান সংস্থাই তাদের পরিষেবা স্থগিত রেখেছে। ফলে সময়মতো কলকাতায় ফিরতে পারবেন কি না, তা নিয়ে অভিনেত্রীর পরিবার অত্যন্ত উদ্বিগ্ন।
অভিনেত্রী জানিয়েছেন, তাঁরা হোটেলে নিরাপদেই আছেন, তবে চারপাশের পরিস্থিতি এবং বিমানের অনিশ্চয়তা দুশ্চিন্তা বাড়াচ্ছে। রাজ চক্রবর্তীও কলকাতায় বসে ক্রমাগত যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আকাশপথ খোলার সম্ভাবনা কম, যা শুভশ্রীর মতো হাজার হাজার পর্যটকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।