পশ্চিম এশিয়ায় ইজরায়েল, ইরান ও আমেরিকার মধ্যে চলা তীব্র যুদ্ধের আঁচ এবার টলিউডেও। যুদ্ধের কারণে আকাশপথে বিধিনিষেধ জারি হওয়ায় দুবাইয়ে আটকে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং তাঁর ছেলে ইউভান। বুধবার গভীর রাতে তাঁদের কলকাতায় ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে বিমান বাতিল হওয়ায় বিদেশের মাটিতেই থমকে যেতে হয়েছে তাঁদের।
পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী জানিয়েছেন, বর্তমানে শুভশ্রী ও ইউভান দুবাইয়ের একটি হোটেলে নিরাপদেই রয়েছেন। তবে নিরাপত্তার কারণে শহরজুড়ে কড়া বিধিনিষেধ জারি হওয়ায় রাস্তাঘাট প্রায় জনশূন্য। স্ত্রী ও সন্তানকে দ্রুত দেশে ফেরাতে মরিয়া রাজ ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন। বিধানসভার অধ্যক্ষের মাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী ৬ মার্চ (শুক্রবার) ভোরে দুবাই থেকে মুম্বইগামী একটি বিমানের টিকিট করা হয়েছে তাঁদের জন্য। মুম্বই হয়েই কলকাতায় ফিরবেন মা ও ছেলে। রাজ বলেন, “পরিবারের নিরাপত্তার জন্য উদ্বেগ তো আছেই, তবে আমি সেই সব মানুষদের জন্যও প্রার্থনা করছি যারা এই পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারছেন না।” আপাতত দ্রুত যুদ্ধবিরতি এবং শুভশ্রীর ঘরে ফেরার অপেক্ষায় দিন গুনছে চক্রবর্তী পরিবার।