বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলে বড়সড় বিতর্কের মুখে মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের অনুমতি ছাড়াই সংবাদমাধ্যমের কাছে সেলিমের স্বাস্থ্যের আপডেট দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর মেজ ছেলে সলমন খান। খান পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, চিকিৎসা সংক্রান্ত বিষয় অত্যন্ত ব্যক্তিগত, এবং তাঁরা চান না এই গোপনীয়তা লঙ্ঘিত হোক।
গত বুধবার লীলাবতী হাসপাতালের চিকিৎসক ডক্টর জলিল পার্কার জানিয়েছিলেন যে, ৯০ বছর বয়সী সেলিম খান ‘মাইনর ব্রেন হেমারেজ’-এ আক্রান্ত হয়েছেন এবং তাঁর একটি রুটিন অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এমনকি তাঁকে ভেন্টিলেশনে রাখা এবং শরীরের কাঁপুনি নিয়েও বিস্তারিত তথ্য দেন তিনি। চিকিৎসকের এই প্রকাশ্য বক্তব্যে অত্যন্ত অসন্তুষ্ট সলমন এবং তাঁর পরিবার। তাঁরা ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষকে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, ভবিষ্যতে যেন পরিবারের অনুমতি ছাড়া কোনো বুলেটিন প্রকাশ করা না হয়।
জানা গিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি সেলিম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি স্থিতিশীল এবং আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। সলমন খানের আপত্তির পর হাসপাতাল কর্তৃপক্ষ এখন নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে। পরিবারের পক্ষ থেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করা হয়েছে যেন কোনো গুজবে কান না দিয়ে তাঁরা প্রবীণ শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেন।