বলিউডের অন্যতম সফল পরিচালক সঞ্জয় লীলা বনশালি এবং প্রখ্যাত সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের জুটি একসময় ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস তৈরি করেছিল। ‘হাম দিল দে চুকে সনম’ থেকে ‘দেবদাস’—প্রতিটি ছবিই ছিল মিউজিক্যাল ব্লকবাস্টার। কিন্তু সেই সম্পর্কের রসায়ন আজ বিষাক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বনশালিকে সরাসরি ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ইসমাইল দরবার।
ইসমাইল দরবারের অভিযোগ, বনশালি তার সঙ্গে বেইমানি করেছেন। দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সফল কাজের পরেও কেন তাঁদের বিচ্ছেদ হলো, তা নিয়ে মুখ খুলেছেন সুরকার। তিনি জানান, ‘দেবদাস’ করার সময় থেকেই তিক্ততার শুরু। ইসমাইলের দাবি, বনশালি তাঁর পরিশ্রমের যথাযথ মর্যাদা দেননি এবং ব্যক্তিগত স্বার্থে তাঁকে ব্যবহার করেছেন। ইসমাইল এতটাই ক্ষুব্ধ যে তিনি জানিয়েছেন, বনশালির সঙ্গে পুনরায় কাজ করার কোনো প্রশ্নই ওঠে না।
সঙ্গীত জগতে গুঞ্জন, বনশালি পরবর্তী ছবিগুলোতে ইসমাইলকে সরিয়ে নিজেই সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিতে শুরু করায় এই ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইসমাইল দরবার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি কাজ পেতে কোনোদিন কারোর কাছে হাত পাতবেন না, কিন্তু বিশ্বাসঘাতকতা তিনি সহ্য করবেন না। এই ঘটনায় বলিউড মহলে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ বনশালির সাফল্যের নেপথ্যে ইসমাইলের সুর এক বড় ভূমিকা পালন করেছিল।