টলিউডে দীর্ঘদিনের কেরিয়ার, অথচ হাতে কাজের সংখ্যা কেন এত কম? অনুরাগীদের এই অনুযোগের মুখে দাঁড়িয়ে এবার সপাটে জবাব দিলেন অভিনেত্রী অরুণিমা ঘোষ। তবে আক্ষেপ বা ক্লান্তি নয়, বরং নিজের অভিনয়ের মান এবং চরিত্রের বৈচিত্র্য বজায় রাখতেই যে তিনি এই পথ বেছে নিয়েছেন, তা স্পষ্ট করলেন অভিনেত্রী। আগামী সিরিজ ‘উৎসবের রাত্রি’ এবং টলিউডের অন্দরমহল নিয়ে এবিপি লাইভ বাংলার সঙ্গে আড্ডায় খোলামেলা ধরা দিলেন অরুণিমা।
রাত্রির চরিত্রে মিল কতটা?
‘উৎসবের রাত্রি’ এক রাতের প্রেম ও বিচ্ছেদের এক অদ্ভুত সমীকরণ। সেখানে ‘রাত্রি’র চরিত্রে অভিনয় করছেন অরুণিমা। বাস্তবের অরুণিমার সঙ্গে রাত্রির মিল কতটা? মুচকি হেসে অভিনেত্রী জানালেন, “রাত্রি খুব সহজে প্রেমে পড়ে যায়, আমি কিন্তু বড্ড কম প্রেমে পড়ি।” তবে চরিত্রের ইতিবাচক দিকগুলোর সঙ্গে নিজের মিল খুঁজে পান তিনি। তাঁর কথায়, “আমিও হ্যাপি গো লাকি পার্সন, জীবন উপভোগ করতে ভালোবাসি। গম্ভীর বা সারাক্ষণ সিরিয়াস মানুষ আমার একদম পছন্দ নয়।”
বাবুল সুপ্রিয়র সঙ্গে রসায়ন
এই সিরিজে অরুণিমার বিপরীতে দেখা যাবে বাবুল সুপ্রিয়কে। সহ-অভিনেতা হিসেবে বাবুলকে দশে দশ দিচ্ছেন অরুণিমা। তাঁর উচ্ছ্বসিত মন্তব্য, “বাবুলদা ভীষণ মাটির কাছাকাছি মানুষ আর বাচ্চাদের মতো চঞ্চল। শ্যুটিংয়ের শেষ দিনে ওঁর খালি গলার গান শুনে মুগ্ধ হয়েছি।” দীর্ঘদিন থ্রিলার করার পর এই রোম্যান্টিক গল্পে কাজ করাটা অরুণিমার কাছে ছিল একটা বড় ‘স্বাদবদল’।
টাইপকাস্ট হওয়ার আক্ষেপ
এত বছর টলিউডে থাকার পরেও অরুণিমার বড় আক্ষেপ— ইন্ডাস্ট্রিতে তাঁকে বড্ড বেশি ‘টাইপকাস্ট’ করা হয়েছে। অভিনেত্রী অকপটে স্বীকার করলেন, “কেরিয়ারের শুরু থেকে সেই বড়লোক বাবার আদুরে মেয়ে হয়েই রয়ে গেলাম।” ‘কীর্তন’, ‘ইস্কবনের বিবি’ বা ‘লেডি চ্যাটার্জি’র পর একই ধরণের চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসায় তিনি বিরক্ত। দর্শকদের একঘেয়েমি উপহার দিতে চান না বলেই তিনি এখন বেছে কাজ করেন। অরুণিমার সাফ কথা, “বছরে একটা কাজ করলেও যেন সেটা মনের মতো হয়।”





