বাংলা টেলিভিশন জগতের জন্য বুধবারের সকালটি নেমে এল একরাশ বিষণ্ণতা নিয়ে। টলিপাড়ার অন্যতম প্রথিতযশা কাহিনিকার ও চিত্রনাট্যকার ঋতম ঘোষাল আর নেই। মাত্র কয়েকদিনের ব্যবধানে অভিনেতা তমাল রায়চৌধুরী এবং এবার ঋতম ঘোষাল—পরপর দুই নক্ষত্রপতনে শোকের কালো মেঘ টলি-দুনিয়ায়।
সূত্র মারফত জানা গিয়েছে, সম্প্রতি জগন্নাথ ধাম পুরী ভ্রমণে গিয়েছিলেন ঋতমবাবু। সেখান থেকে ফেরার পথেই তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। পথেই তাঁর একবার হার্ট অ্যাটাক হয় বলে জানা গিয়েছে। কলকাতায় পৌঁছানোর পর তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ঋতম ঘোষাল মানেই ছিল পৌরাণিক ও ঐতিহাসিক গল্পের এক অনন্য বুনন। ‘সাধক বামাক্ষ্যাপা’-র আকাশছোঁয়া জনপ্রিয়তার নেপথ্যে তাঁর লেখনীর অবদান ছিল অনস্বীকার্য। এছাড়া ‘মহাপীঠ তারাপীঠ’, ‘কিরণমালা’, ‘দেবী চৌধুরাণী’ কিংবা ‘কৃষ্ণ’-র মতো মেগা সিরিয়ালের চিত্রনাট্য লিখে তিনি দর্শকদের ড্রয়িংরুমে জায়গা করে নিয়েছিলেন। বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ টেকনিশিয়ান স্টুডিয়োতে তাঁর নশ্বর দেহ আনা হবে শেষ শ্রদ্ধার জন্য। চৈতি ঘোষাল, রূপাঞ্জনা মিত্র, ভাস্বর চট্টোপাধ্যায়ের মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় প্রিয় ‘ঋতম দা’-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।