টলিপাড়ার গ্ল্যামারাস নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার ধরা দিলেন একেবারে ভিন্ন অবতারে। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’-র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে অনুরাগী মহলে। এই সিরিজে শ্রাবন্তীকে দেখা যাবে পঁয়ষট্টি বছরের তীক্ষ্ণবুদ্ধি সম্পন্ন নারী গিরিজাবালা সান্যালের চরিত্রে। বিষ্ণুপুরের শান্ত ও সংযত এই বৃদ্ধার জীবনের মূল ভিত্তি হলো শৃঙ্খলা।
গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, অল্প বয়সে স্বামী ও সন্তানকে হারিয়ে গিরিজাবালা এখন কথা কম বলেন, কিন্তু পর্যবেক্ষণ করেন অনেক বেশি। তাঁর একাকী জীবনের সঙ্গী তিন পোষ্য বিড়াল—হরি, বেলা এবং ফন্টে। কাহিনীর মোড় ঘোরে যখন তাঁর নাতনি যাজ্ঞসেনী (দিব্যাণী মণ্ডল) এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিয়েতে যোগ দিতে বিদেশ থেকে ফেরে। কিন্তু বিয়ের মাঝেই সন্দেহজনকভাবে মৃত্যু ঘটে কনের। গিরিজাবালা প্রথম থেকেই অনুভব করেন, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। এরপরই ঠাকুমা ও নাতনি মিলে নেমে পড়েন আসল সত্যের অনুসন্ধানে।
সাদা চুলে শ্রাবন্তীর এই ‘ডি-গ্ল্যাম’ লুক দেখে অনেকেই চমকে গিয়েছেন। ইতিপূর্বে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও ওয়েব সিরিজে বৃদ্ধার লুকে দেখা গিয়েছিল, তবে শ্রাবন্তী ও দিব্যাণীর চেহারার মিল এবং রসায়ন নিয়ে এখন থেকেই চর্চা তুঙ্গে। টেলিভিশনের পরিচিত মুখ দিব্যাণীর ওটিটি ডেবিউ এবং শ্রাবন্তীর এই সাহসী মেকওভার দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটাই দেখার।