মুম্বইয়ের বিনোদন জগতে ফের শোকের ছায়া। দীর্ঘ লড়াইয়ের পর ক্যানসারের কাছে হার মানলেন জনপ্রিয় অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। মঙ্গলবার বেলার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬০ বছর। মঙ্গলবার দুপুর ৩টেয় মুম্বইয়েই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।
২০১৯ সাল থেকে ‘মাইলোমা ক্যানসারে’ আক্রান্ত ছিলেন প্রবীণা। তবে মারণ রোগের যন্ত্রণাও তাঁর অভিনয়ের নেশাকে কমাতে পারেনি। অসুস্থ শরীর নিয়েই চুটিয়ে কাজ করেছেন বড় পর্দা থেকে ওটিটি-তে। সলমন খানের সঙ্গে ‘রেডি’, অক্ষয় কুমারের সঙ্গে ‘গব্বর ইজ ব্যাক’ এবং ‘জলেবি’ ছবিতে রিয়া চক্রবর্তীর শাশুড়ির চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছিল। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
হিন্দি ও মরাঠি— উভয় ভাষাতেই সমান দক্ষ এই অভিনেত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (সিনটা)। সহকর্মীদের কথায়, প্রবীণা ছিলেন এক লড়াকু যোদ্ধা এবং নিষ্ঠাবান শিল্পী। তাঁর অকাল প্রয়াণ ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।