ইরান ও ইজরায়েলের মধ্যে শুরু হওয়া বিধ্বংসী যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ। আর সেই যুদ্ধকালীন পরিস্থিতির শিকার হলেন ভারতের একাধিক তারকা। জানা গিয়েছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে দুবাই ও আবু ধাবিতে গিয়েছিলেন অভিনেত্রী সোনাল চৌহান, এশা গুপ্তা এবং অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু। কিন্তু হঠাৎ করেই বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় এবং একের পর এক মিসাইল হামলার আশঙ্কায় তাঁরা সেখানে আটকে পড়েছেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় সোনাল চৌহানকে অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় দেখা গিয়েছে। তিনি জানিয়েছেন, “চারপাশে শুধু সাইরেনের শব্দ। হোটেলের জানলা দিয়ে দেখা যাচ্ছে আকাশের বুক চিরে চলে যাচ্ছে যুদ্ধবিমান। আমরা জানি না কখন দেশে ফিরতে পারব।” অন্যদিকে, এশা গুপ্তা এবং পিভি সিন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশ মন্ত্রকের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। সিন্ধু তাঁর পোস্টে লিখেছেন, “পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা এখানে নিরাপদ বোধ করছি না। ভারত সরকার দয়া করে আমাদের উদ্ধারের ব্যবস্থা করুক।”
দুবাই ও আবু ধাবি বিমানবন্দরে বর্তমানে কয়েক হাজার ভারতীয় আটকে রয়েছেন। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কেবল সাধারণ মানুষের নয়, তারকাদের জীবনকেও বিপন্ন করে তুলেছে। ভারত সরকার ইতিমধ্যেই সেখানের দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তবে আকাশপথ সম্পূর্ণ বন্ধ থাকায় উদ্ধারকাজ শুরু করা এখন বড় চ্যালেঞ্জ। ভক্তরা তাঁদের প্রিয় তারকাদের নিরাপত্তার জন্য প্রার্থনা শুরু করেছেন।