মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সেই অতি পরিচিত গলি, আর পাঁচটা সাধারণ বাড়ির মতোই অরিজিৎ সিংয়ের ডেরা। কিন্তু সেই গলিতেই এখন চাঁদের হাট! পাড়ার ছেলে ‘সমু’ আজ বিশ্ববিখ্যাত, আর তাঁর টানেই বারবার মায়ানগরী মুম্বই ছুটে আসে বাংলার এই প্রান্তিক শহরে। শাহরুখ খান থেকে শুরু করে এড শিরান— অরিজিতের স্কুটির পিছনে বসে জিয়াগঞ্জ ঘোরার তালিকায় এবার নাম লেখালেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।
বর্তমানে অরিজিৎ সিংয়ের বাড়িতেই আতিথ্য গ্রহণ করছেন আমির। সোমবার বিকেলে অরিজিতের বাড়ির ছাদে একেবারে ঘরোয়া মেজাজে ঘুড়ি ওড়াতে দেখা গেল আমির খানকে। পরনে সাধারণ পোশাক, চোখে চশমা— বলিউডের সুপারস্টারকে এভাবে ঘরের পাশের মানুষ হিসেবে পেয়ে জিয়াগঞ্জের অলিগলিতে এখন উৎসবের মেজাজ। প্রিয় গায়ক আর প্রিয় নায়ককে একসঙ্গে এক ফ্রেমে দেখার জন্য সকাল থেকেই অরিজিতের বাড়ি ‘উত্তরণ’-এর সামনে ভিড় জমিয়েছেন হাজার হাজার অনুরাগী।
এর আগে অরিজিতের আমন্ত্রণে জিয়াগঞ্জে পা রেখেছেন কিং খান শাহরুখ, দেখা গিয়েছে আন্তর্জাতিক ডিজে মার্টিন গ্যারিক্সকেও। কিন্তু আমির খানের এই ঝটিকা সফর এবং সাধারণ মানুষের মতো ছাদে ঘুড়ি ওড়ানোর দৃশ্য নেটদুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, “অরিজিৎ আমাদের গর্ব, ওর জন্যই আজ আমির খানের মতো মানুষকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি।” বলিউড আর টলিউডের এই মেলবন্ধনে এখন কার্যত থমকে গিয়েছে জিয়াগঞ্জের জনজীবন।