বলিউড ও বাংলার দুই মহাতারকার বন্ধুত্বের এক বিরল কোলাজ ধরা পড়ল ‘আমির খান প্রোডাকশনস’-এর সমাজমাধ্যমের পাতায়। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের সাধারণ বাড়িতে আমির খানের কাটানো মুহূর্তগুলো নিয়ে মুক্তি পেয়েছে ‘এক দিন’ সিনেমার গান ‘মেরে রহো’। ভিডিওটির শুরুতেই দেখা যাচ্ছে আমির সস্নেহে অরিজিৎকে বলছেন, “তুমি কি আর হিন্দি সিনেমায় গাইবে না? এরকম করো না বন্ধু।” অরিজিতের অবসর নেওয়ার জল্পনার মাঝেই আমিরের এই উপস্থিতি ছিল আসলে তাঁর ছেলে জুনায়েদ খানের প্রথম সিনেমার গানের রেকর্ডিংয়ের জন্য।
৪ মিনিট ৩৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, অরিজিতের বাবা কক্কার সিংকে বুকে জড়িয়ে ধরছেন আমির, মেঝেতে বসে অরিজিতের স্ত্রী কোয়েলের হাতের খাবার খাচ্ছেন। শুধু তাই নয়, জিয়াগঞ্জের ছাদে ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে রাতের শহরে অরিজিতের স্কুটির পিছনে বসে ভ্রমণ— বাদ যায়নি কিছুই। ভাগীরথীর ঘাটে গল্প করা কিংবা অরিজিতের ছেলেদের সঙ্গে সেলফি তোলার দৃশ্যে ফুটে উঠেছে এক অকৃত্রিম ঘরোয়া মেজাজ। জুনায়েদ খান ও সাই পল্লবী অভিনীত ‘এক দিন’ সিনেমাটি আগামী ১ মে মুক্তি পাবে। অরিজিতের সুরেলা কণ্ঠ আর আমিরের এই সরল উপস্থাপনা ইতিমধ্যেই নেটপাড়ায় কয়েক লক্ষ মানুষের মন জয় করেছে।