ছেলের সাধের ছবি দিয়ে প্রাক্তন বৌদিকে আক্রমণ! সুস্মিতার বিয়েতে কেন এমন বললেন সায়ক?

ছোটপর্দার পরিচিত মুখ ও জনপ্রিয় ভ্লগার সুস্মিতা রায় ফের বিয়ের পিঁড়িতে। গত বছর জুলাই মাসে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার অন্ত ছিল না। মঙ্গলবার আচমকাই নিজের বিয়ের খবর দিয়ে সকলকে চমকে দিলেন অভিনেত্রী। তবে এই আনন্দের আবহেও বিষ্ফোরক মন্তব্য করে জল্পনা উস্কে দিলেন তাঁর প্রাক্তন দেওর তথা জনপ্রিয় ইউটিউবার সায়ক।

সুস্মিতা নিজের সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর জানিয়ে এক আবেগঘন পোস্ট করেন। সেখানে তিনি অকপটে স্বীকার করেন, শুধু ‘মা’ হওয়ার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই ৩৬ বছর বয়সে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০১৯ সালে গর্ভস্থ সন্তানকে হারানো এবং পরবর্তীকালে দাম্পত্য বিচ্ছেদের ক্ষত আজও যে দগদগে, তা ফুটে উঠেছে তাঁর লেখায়।

কিন্তু বিয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সায়ক ফেসবুকে সুস্মিতার ২০১৮ সালের একটি ‘সাধের’ ছবি শেয়ার করে বিতর্ক উস্কে দেন। তিনি লেখেন, “ভেবে ভালো লাগছে এই বরটাও আমারই খুঁজে দেওয়া। তবে এবার থামিস প্লিজ। এটাই যেন লাস্ট বিয়ে হয়।” এখানেই শেষ নয়, সুস্মিতার মাতৃত্ব নিয়ে খোঁচা দিয়ে সায়ক আরও যোগ করেন, “এবার মা হলে আর নরমাল ডেলিভারির জন্য ওয়েট করিস না।” সায়কের এই মন্তব্যে নেটিজেনদের একাংশ যেমন নিন্দায় সরব হয়েছেন, তেমনই অনেকে তাঁদের পুরনো তিক্ত সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে চর্চা শুরু করেছেন। বিরতি কাটিয়ে ফের সুস্মিতার জীবন কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy