মারণরোগ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার) মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬০ বছর। ২০১৯ সাল থেকে তিনি ‘মাল্টিপল মাইলোমা’ নামক এক ধরনের ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করা হয়েছে।
প্রবীণা দেশপাণ্ডে ছিলেন বিনোদন জগতের এক পরিচিত মুখ। বড়পর্দা থেকে ছোটপর্দা—সব মাধ্যমেই তিনি সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। সলমন খানের জনপ্রিয় ছবি ‘রেডি’-তে শালু চৌধুরীর চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শক মনে রেখেছেন। এছাড়াও ‘এক ভিলেন’, ‘পরমাণু: দ্য স্টোরি অফ পোখরান’, ‘গাব্বার ইজ ব্যাক’ এবং ‘জালেবি’-র মতো একাধিক বলিউড ছবিতে তিনি গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। ছোটপর্দায় ‘ঘর এক মন্দির’, ‘কুমকুম’, ‘কর্ম আপনা আপনা’ এবং ‘কুলফি কুমার বাজেওয়ালা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁর কাজ তাঁকে ঘরোয়া পরিচিতি এনে দেয়।
২০১৯ সালে ক্যানসার ধরা পড়ার পরেও অভিনয়ের প্রতি তাঁর টান বিন্দুমাত্র কমেনি। শারীরিক যন্ত্রণা উপেক্ষা করেই তিনি নিয়মিত শুটিং ফ্লোরে যেতেন। সম্প্রতি মনোজ বাজপেয়ীর বহুপ্রতিক্ষিত ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর শুটিং শেষ করেছিলেন তিনি, যেখানে তাঁকে মনোজের মায়ের চরিত্রে দেখা যাবে। এছাড়া ইমরান হাশমীর সঙ্গে ‘তস্করী’ সিরিজ়েও শেষবার দেখা গিয়েছে তাঁকে। প্রবীণার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ও মারাঠি চলচ্চিত্র মহলে। মঙ্গলবার বিকালেই আন্ধেরির হিন্দু শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।