‘অমিতাভ-জয়ার তুমুল ঝগড়া আর কান্নাকাটির সাক্ষী আমি!’ পডকাস্টে বিস্ফোরক ফারিদা জালাল

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ‘পাওয়ার কাপল’ অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তাঁদের প্রেম থেকে বৈবাহিক জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। কখনও জয়ার রাগী মেজাজ, আবার কখনও বিগ বি-র সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ— সবটাই থাকে চর্চায়। এবার এই কিংবদন্তি দম্পতির সম্পর্কের এক অজানা দিক সামনে আনলেন বর্ষীয়ান অভিনেত্রী ফারিদা জালাল। সম্প্রতি একটি ন্যাশনাল পডকাস্টে এসে তিনি শোনালেন অমিতাভ-জয়ার বিয়ের আগের সেই দিনগুলোর কথা, যখন তাঁদের ঝগড়া আর কান্নাকাটির সাক্ষী থাকতে হতো খোদ ফরিদাকেই।

ফারিদা জালাল জানান, জয়া ও অমিতাভের বিয়ের আগে যখন আইনি প্রক্রিয়া সারা হয়ে গিয়েছিল, সেই সময়ের কথা। জয়া এবং ফারিদার বন্ধুত্ব ছিল অত্যন্ত গভীর। অভিনেত্রী স্মৃতিচারণা করে বলেন, “রাত ১০টার পর অমিতাভ আসতেন গাড়ি নিয়ে। জয়া আমাকে জোর করে গাড়ির পিছনের সিটে বসিয়ে মুম্বই ঘুরতে বেরোতেন। সামনে অমিতাভ আর জয়া, আর পিছনে আমি অনেকটা ‘কাবাব মে হাড্ডি’র মতো বসে থাকতাম।”

ফারিদার কথায়, সেই দীর্ঘ ড্রাইভের পুরোটা জুড়েই চলত অমিতাভ-জয়ার তুমুল ঝগড়া। একদম ছোটদের মতো তুচ্ছ কারণে ঝগড়া করতেন দুজনে। জয়া খুব দ্রুত রেগে গিয়ে বা অভিমান করে কান্নাকাটি শুরু করতেন। ফারিদা হাসতে হাসতে বলেন, “আমি পিছনের সিটে বসে দর্শকের মতো নাটক দেখতাম। ঘণ্টার পর ঘণ্টা ঝগড়া আর অভিমানের পর যখন মিটমাট হতো, তখন আমরা তাজ হোটেলে গিয়ে চা-কফি খেতাম। তারপর আমাকে বাড়ি পৌঁছে দিতেন ওঁরা।” জয়ার বর্তমান ইমেজ নিয়ে ফারিদা বলেন, “এখন লোকে জয়াকে খামোখা বদনাম করে, ও আসলে ভীষণ মিষ্টি একটা মেয়ে।” এমনকি এই দম্পতির বিয়ের সেই একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে হাতেগোনা যে কয়েকজন আমন্ত্রিত ছিলেন, তাঁদের মধ্যে ফারিদাও একজন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy