ওপার বাংলার অশান্তিতে উদ্বেগে বাংলার ২ কোটি মানুষ! কি বললেন শুভেন্দু?

বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তাকে কেন্দ্র করে উত্তপ্ত ওপার বাংলার পরিস্থিতি। সেই অশান্তির প্রভাব যে এপার বাংলাতেও পড়েছে, তা রবিবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়ে রাজ্যের বহু মানুষ উদ্বিগ্ন, কারণ পদ্মাপারে পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক মানুষের আত্মীয়স্বজন রয়েছেন।

ওপারে থাকা ২ কোটি আত্মীয়, নজরে বিদেশ মন্ত্রক রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত এলাকা বর্তমানে অত্যন্ত কঠোরভাবে সুরক্ষিত করা হয়েছে। তবে এপার বাংলার অনেকেরই আত্মীয়স্বজন বাংলাদেশে বসবাস করেন বলে উল্লেখ করে তিনি বলেন, অন্তত ২ কোটি পশ্চিমবঙ্গের মানুষের আত্মীয় এখনও বাংলাদেশে রয়েছেন। তাঁর মতে, এটি কেবল পশ্চিমবঙ্গের বিষয় নয়; ত্রিপুরা, মেঘালয়-সহ অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের মানুষেরও আত্মীয় ওপারে থাকেন। ফলে সেখানকার পরিস্থিতিতে বাংলার মানুষ উদ্বিগ্ন।

তবে এই বিষয়ে সরাসরি মন্তব্য করা বা শেখ হাসিনাকে নিয়ে কোনো বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন তিনি। বরং বিষয়টি বিদেশ মন্ত্রকের নজরে আনার চেষ্টা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

মেডিক্যাল ভিসায় চিকিৎসা নিয়ে অবস্থান বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে আসা যাত্রীদের প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, যাঁরা মেডিক্যাল ভিসায় আসছেন, ভারত সরকারের অনুমতি অনুযায়ী মানবিকতার খাতিরে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী হিসেবে আলাদা করে কোনো ব্যক্তিগত মন্তব্য করতে চান না বলেও স্পষ্ট করেন তিনি।

অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বেআইনি অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, যাঁরা বেআইনিভাবে প্রবেশ করছেন, তাঁদের জেলে না পাঠিয়ে সরাসরি ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং সেজন্য হোল্ডিং স্টেশন তৈরি হয়েছে। পাশাপাশি যাঁদের কাছে বৈধ নথি নেই বা ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়ে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে পড়ছেন, তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।