২০৩৫ সালেই বদলে যাবে বিশ্বের ধর্মীয় মানচিত্র! শীর্ষে উঠবে কোন জনগোষ্ঠী?

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বজুড়ে ধর্মীয় জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণে তৈরি এই গবেষণায় বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম পরিবর্তন ও অভিবাসনের মতো পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে।

প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যেই মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারে। ২০২০ সালের তুলনায় ২০৭০ সালে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বেড়ে ৩৬০ কোটির বেশি হতে পারে, যেখানে খ্রিষ্টান জনসংখ্যা দাঁড়াতে পারে ৩০০ কোটির কিছু কম। তরুণ জনগোষ্ঠীর আধিক্য ও জন্মহারের কারণে এই বৃদ্ধি ঘটবে বলে জানানো হয়েছে। ২০৭০ সাল নাগাদ ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে পাকিস্তান সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে, যার সংখ্যা ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এরপর ভারত দ্বিতীয়, নাইজেরিয়া তৃতীয়, ইন্দোনেশিয়া চতুর্থ এবং বাংলাদেশ পঞ্চম অবস্থানে থাকতে পারে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৫৩ থেকে বেড়ে ৫৪ হতে পারে।

এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০৭০ সালে মুসলিম জনসংখ্যা ১৮০ কোটিতে পৌঁছাতে পারে, যা অঞ্চলটির মোট জনসংখ্যার ৩৭ শতাংশ হবে। অন্যদিকে ইউরোপ ও উত্তর আমেরিকায় অভিবাসনের ফলে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

ভারত ও বাংলাদেশ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ২০৭০ সালে বাংলাদেশের জনসংখ্যা ২৩ কোটি ৭২ লাখ হতে পারে এবং মুসলিমদের হার ৯১ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ৯২ শতাংশে দাঁড়াতে পারে। বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর অনুপাত ৭ দশমিক ৯ শতাংশ থেকে ৬ দশমিক ৮ শতাংশে নামলেও মোট সংখ্যা ১ কোটি ৩১ লাখ থেকে বেড়ে ১ কোটি ৬১ লাখ হতে পারে। ভারতে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। একই সময়ে ভারতে হিন্দু জনসংখ্যার মোট সংখ্যা বাড়লেও জনসংখ্যার অনুপাত ৩ দশমিক ৬ শতাংশ কমতে পারে এবং মুসলিমদের অনুপাত ৪ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে, তবে ২০৭০ সালেও ভারতের তিন-চতুর্থাংশের বেশি মানুষ হিন্দু থাকবেন।

খ্রিষ্টান জনগোষ্ঠী ২০৭০ সালে ৬৮ কোটি ৭০ লাখ বাড়লেও বিশ্বের মোট জনসংখ্যার তুলনায় তাদের প্রবৃদ্ধি তুলনামূলক ধীর থাকবে। ৬১টি দেশে খ্রিষ্টানদের অনুপাত কমতে পারে এবং ইউরোপে খ্রিষ্টানদের হার ১৫ শতাংশ কমার পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে আফ্রিকা খ্রিষ্টান জনসংখ্যার বড় কেন্দ্রে পরিণত হতে পারে।