“জমিটা আমরাই দেব, কাকে দেব পরে দেখবেন”—সিঙ্গুর নিয়ে বড় ইঙ্গিত শুভেন্দুর, ফিরছে শিল্পের আশা?

সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়ে উঠবে কি না, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সিঙ্গুরে অশোক লেল্যান্ডের কারখানা হওয়ার দাবি করেন। তার পরদিন রবিবার সিঙ্গুর প্রসঙ্গে মুখ খুলে নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সিঙ্গুরে প্রায় ৯৯৭ একর জমি কেনার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সরকার।
‘৯৯৭ একর জমি কিনবে সরকার’ রবিবার সাংবাদিক বৈঠকে সিঙ্গুর নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে জমি কেনার নির্দেশ দেওয়া হয়েছে এবং সিঙ্গুরেও আলোচনা চলছে। হুগলির জেলাশাসককে বিষয়টি নিয়ে বলা হয়েছে এবং যুক্তিসঙ্গত দামে জমি নেওয়ার প্রস্তাব রয়েছে বলে জানান তিনি।
অশোক লেল্যান্ডের কারখানা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও মুখ্যমন্ত্রী বলেন, জমি কেনার পর তা কাকে দেওয়া হবে, তা পরে দেখা যাবে। তবে সিঙ্গুরে যে কিছু একটা হবে, সে বিষয়ে আশ্বাস দেন তিনি। শুভেন্দুর দাবি, ওই জমিতে কৃষকরা আলু বা ধান চাষ করতে পারছেন না; তাই প্রায় ৯৯৭ একর জমি অধিগ্রহণের টার্গেট রাখা হয়েছে এবং জেলাশাসক সেই কাজে যুক্ত রয়েছেন।
সিঙ্গুরের পুরনো ইতিহাস ও সাম্প্রতিক চর্চা একসময় টাটা মোটরসের ন্যানো গাড়ির কারখানাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল সিঙ্গুর। ২০০৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার প্রকল্পের জন্য প্রায় ৯৯৭ একর জমি অধিগ্রহণ করে। তার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন চালান তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত ২০০৮ সালে ন্যানো প্রকল্প গুজরাতের সানন্দে সরে যায়। পরবর্তীকালে ২০১৬ সালের অগাস্টে সুপ্রিম কোর্ট জমি অধিগ্রহণ খারিজ করে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।
সম্প্রতি নির্বাচনী সভা ও প্রচারে সিঙ্গুরে শিল্পের প্রতিশ্রুতি শোনা গিয়েছে বিজেপি নেতাদের কণ্ঠে। শনিবার সুকান্ত মজুমদার দাবি করেন, সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়বে অশোক লেল্যান্ড। এর আগে রাজ্যের শিল্পনীতি ঘোষণার সময়েও শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে সিঙ্গুরের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে এবং অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
বাম ও তৃণমূলকে নিশানা সিঙ্গুরে জমি অধিগ্রহণ ও শিল্পনীতি প্রসঙ্গে পূর্বতন বামফ্রন্ট এবং তৃণমূল সরকারকেও তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বামেদের আমলে জোর করে জমি নেওয়া হতো, আর তৃণমূল আমলের নীতিরও তিনি বিরোধী। তাঁর কথায়, বর্তমান সরকার শিল্পের জন্য যুক্তিসঙ্গতভাবে জমি কিনছে এবং একটি ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করা হচ্ছে।