ডিসেম্বরেই ফিরছেন হাসিনা? আগুনের আঁচে পুড়ছে বাংলাদেশ! ২৮ জেলায় সংঘর্ষ

ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাঁর এই ঘোষণার পরই ফের উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী দেশ। অভিযোগ, নেত্রীর ফেরার আবহে রাস্তায় নেমেছে আওয়ামি লিগ। অন্যদিকে, সক্রিয় হয়ে উঠেছে বিএনপি ও জামাত। দফায় দফায় সংঘর্ষ, বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগ এবং বোমা বিস্ফোরণের খবরে সরগরম ওপার বাংলা। চলমান ধরপাকড়ে ইতিমধ্যেই শত শত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে বিশ্ব রাজনীতির বিশ্লেষকদের একাংশের মনে প্রশ্ন উঠছে—তবে কি ফের বড়সড় অস্থিরতা বা গৃহযুদ্ধের মতো পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাদেশ?
২৮ জেলায় হিংসা, মোতায়েন আধাসেনাপ্রকাশিত তথ্য অনুযায়ী, হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মাঝেই বাংলাদেশের প্রায় ২৮টি জেলায় হিংসা ও অশান্তি ছড়িয়ে পড়েছে। বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা সামনে আসায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন এবং বিভিন্ন এলাকায় আধাসেনা মোতায়েন করা হয়েছে। বিশেষ করে খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও পাবনায় উত্তেজনা চরমে উঠেছে; একাধিক গাড়ি ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
রাস্তায় আওয়ামি লিগ, চাপে তারেক সরকারএই পরিস্থিতিতে আওয়ামি লিগও নিজেদের শক্তি প্রদর্শন করছে বলে দাবি করা হচ্ছে। নেত্রীর ফেরার খবরে সমর্থকরা প্রকাশ্যে রাস্তায় নেমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশজুড়ে দলের নেটওয়ার্ক সক্রিয় থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অস্বস্তিতে পড়েছে এবং প্রশাসনের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ব্যাপক ধরপাকড়, গ্রেফতার তানিয়া আখতার তপোশিঅশান্তি ও নাশকতা রুখতে আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই শত শত গ্রেফতারির খবর সামনে এসেছে। তার মধ্যেই প্রাক্তন ছাত্রনেত্রী তানিয়া আখতার তপোশিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার গাজীপুরের টঙ্গি এলাকা থেকে তাঁকে আটক করার খবর সামনে আসে, যার ফলে ছাত্র সংগঠনের ওপরও চাপ বেড়েছে।
পাবনা থেকে নারায়ণগঞ্জ—জ্বলছে একাধিক এলাকা কড়া নিরাপত্তার মাঝেও নারায়ণগঞ্জ থেকে পাবনা পর্যন্ত বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। বাসে আগুন লাগানোর পাশাপাশি পাবনায় বিএনপি ও আওয়ামি লিগ সমর্থকদের সংঘর্ষে একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর মিলেছে। বিভিন্ন স্থানে সংঘর্ষের জেরে বাজার বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।
সীমান্তের তৎপরতা ও ঢাকার কড়া বার্তাশেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে। খবর ছড়িয়েছে, হাসিনার ফেরার প্রস্তুতি বা সংশ্লিষ্ট বিষয়ে আওয়ামি লিগের চার শীর্ষ নেতা পেট্রাপোল সীমান্তের দিকে রওনা হচ্ছেন।
অন্যদিকে, হাসিনার ফেরা আটকাতে কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। এ বিষয়ে বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন, হিংসা ও পেট্রোল বোমা দিয়ে কাউকে দেশে ফেরানো যায় না।