গুরুতর অসুস্থতার কারণে সাজা স্থগিত, সাবরমতী এক্সপ্রেস কাণ্ডে শীর্ষ আদালতের বড় নির্দেশ

২০০২ সালের গোধরাকাণ্ডে সবরমতী এক্সপ্রেস পোড়ানোর ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির সাজা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি বরালে-র বেঞ্চ ইরফান সিরাজ পাদা নামে ওই আসামির সাজা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। ১৮ বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকা পাদা গুরুতর অসুস্থ, এই বিষয়টি বিবেচনা করেই শীর্ষ আদালত এই পদক্ষেপ নিয়েছে।
শুনানির সময় সুপ্রিম কোর্টের বেঞ্চ পর্যবেক্ষণ করে যে মূলত শারীরিক অসুস্থতার কারণেই সাজা স্থগিতের আবেদন করা হয়েছিল। আবেদনকারীর শারীরিক অবস্থার যে বিবরণ তাঁর আইনজীবী আদালতে তুলে ধরেছেন, তা তথ্যগতভাবে সঠিক বলে রাজ্যের তরফেও স্বীকার করা হয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে চিকিৎসার স্বার্থে সাজা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গুজরাত সরকারের আইনজীবী স্বাতী ঘিলদিয়াল জানান, মামলাটি অত্যন্ত গুরুতর হলেও শারীরিক অসুস্থতার কারণে সাজা স্থগিত রাখার বিষয়ে রাজ্যের কোনো আপত্তি নেই। উল্লেখ্য, সম্প্রতি ২০০২ সালের গোধরা পরবর্তী দাঙ্গার সময় বিলকিস বানো গণধর্ষণ মামলায় দণ্ডিত দুজনেরও সাজা স্থগিত করেছিল শীর্ষ আদালত।
উল্লেখযোগ্যভাবে, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাতের গোধরায় সবরমতী এক্সপ্রেসের এস-৬ কোচে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়, যাঁদের অধিকাংশই ছিলেন অযোধ্যা থেকে ফেরা করসেবক। ওই ঘটনার পর গুজরাতজুড়ে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। সেই সময়ের প্রেক্ষাপটে তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। ঘটনার তদন্তে সুপ্রিম কোর্ট বিশেষ তদন্তকারী দল গঠন করে এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও একাধিক তদন্ত কমিশন গঠিত হয়।
গোধরাকাণ্ডের তদন্তে গঠিত নানাবতী-মেহতা কমিশন মত দিয়েছিল যে ট্রেনে আগুন লাগার ঘটনা নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে ষড়যন্ত্র ছিল। ঘটনার নয় বছর পর, ২০১১ সালের ১ মার্চ ফাস্ট ট্র্যাক আদালত এই মামলায় ৩১ জনকে দোষী সাব্যস্ত করে; এর মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড ও ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, আর ৬৩ জন অভিযুক্ত খালাস পান।
পরবর্তীকালে ওই রায়কে চ্যালেঞ্জ করে দোষীরা গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হন। ২০১৭ সালের অক্টোবরে হাইকোর্ট ১১ জনের মৃত্যুদণ্ড রদ করে তা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে এবং বাকি ২০ জনের যাবজ্জীবন সাজা বহাল রাখে। অন্যদিকে, গোধরা পরবর্তী দাঙ্গার বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত অনেকেরই মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির বিষয়টিও নানা সময়ে আলোচনায় উঠে এসেছে।