৬৮ দিনের লড়াই শেষে জগদ্ধাত্রী দশমীর ভোরে মৃত্যু নিকিতার, কি বলছেন চিকিৎসকরা?

দার্জিলিংয়ের সিটঙে হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে দগ্ধ হওয়া উত্তর দিনাজপুরের নিকিতা সাহা (২৫) আর নেই। বৃহস্পতিবার, জগদ্ধাত্রী পুজোর দশমীর ভোরে ৬৮ দিনের দীর্ঘ ও যন্ত্রণাদায়ক লড়াই থেমে গেল তাঁর। গত ১৩ সেপ্টেম্বর সিটঙের একটি হোমস্টেতে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছিলেন তিনি। সেই রাত থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন এই নববধূ।
কীভাবে ঘটেছিল দুর্ঘটনা ও চিকিৎসা পর্ব?
সূত্রের খবর, গত ১৩ সেপ্টেম্বর সিটঙের ওই হোমস্টেতে রাতে বারবিকিউ করার সময় হঠাৎই নিকিতার গায়ে আগুন লেগে যায়। ঘটনার দিন থেকেই জানা গিয়েছিল, তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে তাঁকে শিলিগুড়ির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার মাঝে সামান্য হলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছিল নিকিতার শারীরিক অবস্থার। একসময় তাঁর অক্সিজেনেরও প্রয়োজন হচ্ছিল না। চিকিৎসকদের মতে, নিকিতার শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে স্কিন গ্রাফ্টিং করা সম্ভব ছিল না। ফলে উন্নতমানের ড্রেসিংয়ের মাধ্যমে স্বাভাবিক প্রক্রিয়ায় (ন্যাচারাল হিলিং) ভরসা রেখেছিলেন চিকিৎসকরা। সেই মতো পুড়ে যাওয়া অংশে নতুন টিস্যুও ধীরে ধীরে তৈরি হচ্ছিল এবং তাঁকে আইসিইউ (ICU) থেকে বের করে জেনারেল ওয়ার্ডে দেওয়া হয়েছিল।
ফের অবনতি ও বেসরকারি হাসপাতালে স্থানান্তর
কিন্তু এরই মধ্যে সংক্রমণের জেরে নিকিতার শারীরিক অবস্থার ফের কিছুটা অবনতি হলে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরের প্রয়োজন পড়ে। হাসপাতাল সূত্রে খবর, সেই সময় এমআর বাঙুরের আইসিইউ-তে বেড খালি না থাকায় পরিবারের সদস্যদের একটু অপেক্ষা করতে বলা হয়। তবে পরিবারের লোকেরা বন্ডে সই করে নিকিতাকে সেখান থেকে বের করে আনেন এবং কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
রক্তে বিষক্রিয়া ও কার্ডিয়াক অ্যারেস্টে জীবনাবসান
চিকিৎসক সূত্রে খবর, নিকিতার শরীরে সেপসিস বা রক্তে বিষক্রিয়া ছড়িয়ে পড়েছিল। চিকিৎসকমহলের মতে, শরীরের বৃহত্তম অঙ্গ ত্বক পুড়ে নষ্ট হয়ে গেলে শরীর ক্রমাগত সংক্রমণের কবলে পড়ে, যা অনেক ক্ষেত্রেই সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে ওই বেসরকারি হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্ট হয় নিকিতার। সেপসিস ও কার্ডিয়াক অ্যারেস্টের সেই জোড়া ধাক্কা আর সইতে পারেনি তাঁর শরীর এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।