বাগদানের ছবি ভাইরাল হতেই শুরু কুরুচিকর চর্চা! হবু স্ত্রীর হয়ে কেন কলম ধরলেন উপাসনা?

বাগদানের খবরকে কেন্দ্র করে নতুন করে চর্চায় উঠে এসেছেন দেবাংশু ভট্টাচার্য। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে সেভাবে আর সক্রিয় রাজনীতির ময়দানে তাঁকে দেখা না গেলেও, ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করার মুহূর্তেই ফের শিরোনামে তাঁর নাম। সামাজিক মাধ্যমে দেবাংশু ও তাঁর হবু স্ত্রীর বাগদানের ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা ও বিতর্ক। এই পরিস্থিতিতে দেবাংশুর হবু স্ত্রীর সমর্থনে সামাজিক মাধ্যমে সরব হলেন তৃণমূলের যুবনেত্রী উপাসনা চৌধুরী।
নিজের পোস্টে উপাসনা চৌধুরী লেখেন, “প্রথমেই আমার প্রাক্তন সহকর্মী দেবাংশু ভট্টাচার্য এবং তাঁর হবু স্ত্রীকে জানাই আগামী জীবনের জন্য একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন।” শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি পোস্ট করার আসল কারণও স্পষ্ট করেন। উপাসনার কথায়, দেবাংশু একসময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁর অতীত ব্যক্তিগত জীবন, সম্পর্কের সংখ্যা বা সমীকরণ নিয়ে সামাজিক মাধ্যমে কাটাছেঁড়া করা যেমন অনুচিত, তেমনই তাঁর হবু স্ত্রী দুবাইতে কারও সঙ্গে সহবাস করেছেন কি না কিংবা আগে বিবাহিত ছিলেন কি না—এসব নিয়ে বিনা প্রমাণে কুরুচিকর আলোচনা ও চরিত্রহননের চেষ্টা অত্যন্ত নিন্দনীয়।
উল্লেখ্য, উপাসনা বর্তমানে তৃণমূল আইটি সেলের প্রধানের দায়িত্বে রয়েছেন, যা আগে সামলেছেন দেবাংশু নিজে। অতীতে বিরোধী শিবিরের বিরুদ্ধে সোচ্চার থাকা সেই ‘সিনিয়র’-কে ঘিরে আজ সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য ঘুরছে বলে দাবি করেছেন উপাসনা। তবে সেই নিন্দা করতে গিয়েই হবু স্ত্রীর অতীত ঘিরে চলা বিতর্কের বিস্তারিত দিকগুলি নিজের পোস্টে তুলে ধরেন তিনি।
উপাসনা তাঁর পোস্টে আরও যোগ করেন যে, রাজনৈতিক পরিচয় থাকুক বা না থাকুক, প্রতিটি মানুষেরই ব্যক্তিগত মর্যাদা ও সম্মান রক্ষার অধিকার রয়েছে এবং বিনা প্রমাণে কাউকে কলঙ্কিত করার এই প্রবণতা সমর্থনযোগ্য নয়। যদিও উপাসনার এই অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে পাল্টা প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, একজন নারী হয়ে অন্য নারীর অতীত সংক্রান্ত চর্চা এভাবে প্রকাশ্যে আনা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়েও সংশয় রয়েছে।
উপাসনার এই ফেসবুক পোস্টের পরই সরাসরি প্রতিক্রিয়া দেন দেবাংশুর হবু স্ত্রী মেঘনা। স্পষ্ট ও কড়া ভাষায় তিনি নিজের অতীতের সম্পর্ক নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে লেখেন, এক বছর আগেই তাঁর প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং অতীতের বিষয় টেনে এনে কাউকে জনসমক্ষে জড়ানোর কোনো অর্থ হয় না। পরবর্তীতে মেঘনার সেই পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ারও করেন দেবাংশু ভট্টাচার্য।