“ভারত ধর্মনিরপেক্ষ দেশ!” দিয়া মির্জার ভিডিও ডিলিট করতেই বিএমসিকে তুলোধনা বম্বে হাইকোর্টের

পরিবেশবান্ধব দীপাবলি পালনের বার্তা দিয়ে অভিনেত্রী দিয়া মির্জার (Dia Mirza) একটি সচেতনতামূলক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল বৃহন্মুম্বই পুরসভা (BMC)। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক আপত্তির জেরে সেই ভিডিওটি সরিয়ে দেওয়া হয়। আর এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার অভিনেত্রীর সেই ভিডিওটি অবিলম্বে সোশাল মিডিয়ায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। শুধু তাই নয়, এদিনের শুনানিতে আদালত স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দেয়, “ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ।”
মঙ্গলবার বিচারপতি গিরীশ কুলকর্ণি এবং বিচারপতি নীলা গোখলের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে অত্যন্ত কড়া সুরে মন্তব্য করে। আদালত জানায়, বর্তমান পরিস্থিতির কিছু বিচার করে বিচারপতিরা জানান, “কয়েক জন রাজনীতিকের কিছু বিচ্ছিন্ন মন্তব্যে আমরা বিচলিত।”
আদালতের কড়া পর্যবেক্ষণ: এদিন বেঞ্চ সাফ জানিয়ে দেয় যে, আদালতের নির্দেশ মেনেই বিএমসি-র সচেতনতামূলক প্রচারে অংশ নিয়েছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। সুতরাং, কোনো রাজনৈতিক বা অনুচিত আপত্তির জেরে তাঁর সেই ভিডিওটি সরিয়ে ফেলার বা লুকিয়ে রাখার কোনো বৈধ কারণ থাকতে পারে না।
বিচারপতি কুলকর্ণি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দেন, যাতে এই ধরনের পরিবেশগত সচেতনতামূলক উদ্যোগকে অন্য কোনো বাঁকা চোখে বা ভিন্ন দৃষ্টিকোণ থেকে না দেখা হয়। অন্যদিকে, বিচারপতি নীলা গোখলে জোর দিয়ে স্পষ্ট করেন যে, এই সম্পূর্ণ বিষয়টি পরিবেশ রক্ষার সঙ্গে জড়িত, এর সঙ্গে অন্য কোনো বিষয়ের যোগ টানা অনুচিত।
আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ ছিল— “যে-ই হোন না কেন, দেশের প্রতিটি মানুষই একই বাতাসে শ্বাস নেন।” এরপরই বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিএমসি-কে নির্দেশ দেয়, অবিলম্বে তাদের নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া সেই ভিডিওটি পুনরায় ফিরিয়ে দিতে হবে।