দিল্লির পর এবার কলকাতা! ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের বিরুদ্ধে বিরাট হুঙ্কার গেরুয়া শিবিরের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চলা রাজনৈতিক সংঘাতের আবহে এবার কলকাতার রাজপথে বড়সড় শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি (BJP)। বিরোধীদের লাগাতার আন্দোলনের পালটা জবাব দিতে এবং ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার এক বিশাল পদযাত্রার আয়োজন করল গেরুয়া শিবির। কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত বিস্তৃত এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বিমানবন্দর থেকে সরাসরি কলেজ স্ট্রিট: এদিন বিকেলে বিশেষ বিমানে কলকাতায় পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান শুভেন্দু অধিকারী। সেখান থেকে দুই শীর্ষ নেতা সোজা চলে আসেন কলেজ স্ট্রিটে। ততক্ষণে সেন্ট্রাল কলকাতার ওই চত্বরে জড়ো হয়েছেন হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক।

হাতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে মিছিলে পা মেলান নীতিন নবীন, শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য। কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য মিছিল মধ্য কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ধর্মতলার দিকে এগিয়ে যায়। পুরো চত্বর জুড়ে ‘বন্দে মাতরম’ ও ‘গণতন্ত্র বাঁচাও’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

বিরোধীদের বিরুদ্ধে কড়া আক্রমণ: মিছিল শুরুর প্রাক্কালে বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে বিরোধীরা গণতন্ত্রের আড়ালে রাজ্যে ও দেশে পরিকল্পিতভাবে অরাজকতা তৈরির চেষ্টা করছে। সেই অপচেষ্টার বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সত্য ও গণতন্ত্র রক্ষার বার্তা দিতেই তাঁদের এই কর্মসূচি। অন্যদিকে, বিজেপি নেতা অর্জুন সিংয়ের অভিযোগ, দেশের শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করতে বিদেশি শক্তির মদত রয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শাসক ও বিরোধী শিবিরের সংঘাত এখন চরমে। এই প্রক্রিয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে সরব হয়েছে বিরোধী দলগুলি। তার ঠিক পালটা হিসেবে বিরোধীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ও অশান্তি ছড়ানোর অভিযোগ তুলে দেশজুড়ে মেগা প্রচারের কৌশল নিয়েছে বিজেপি।

বিহার থেকে কলকাতা—আক্রমণের সুর চড়া: কলকাতার এই হাই-ভোল্টেজ মিছিলে যোগ দেওয়ার ঠিক আগে বিহারের ভাগলপুরেও একটি অনুরূপ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন নীতিন নবীন। সেখান থেকেও এসআইআর-বিরোধী আন্দোলন নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় নিশানা করেন তিনি। পরপর দুই রাজ্যে এই ধরনের কর্মসূচির মাধ্যমে বিজেপি স্পষ্ট করে দিল যে, নির্বাচনী সংস্কারের এই ইস্যুতে তারা একচুলও জমি ছাড়তে নারাজ।

সোমে কলকাতার রাজপথে বিজেপির এই সুশৃঙ্খল ও বিশাল পদযাত্রা আগামী দিনে রাজ্য রাজনীতিতে যে সংঘাতকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে, সে বিষয়ে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা।