ভারতে অশান্তি ছড়াতে পাকিস্তান থেকে ফান্ডিং? আমির খানের ভাগ্নে ইমরানকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নোটিস!

বলিউড অভিনেতা তথা আমির খানের ভাগ্নে ইমরান খান (Imran Khan) এখন খবরের শিরোনামে। ‘জানে তু ইয়া জানে না’ খ্যাত এই অভিনেতাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার কড়া নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ। আর এই নির্দেশের পরেই তাঁর বিরুদ্ধে উঠে এসেছে এক বিস্ফোরক অভিযোগ। বিজেপি নেতা কিরীট সোমাইয়ার দাবি, পাকিস্তান ও বিদেশি শক্তির থেকে টাকা নিয়ে ভারতে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করছেন ইমরান!
ঘটনার সূত্রপাত গত ১০ অক্টোবর, যখন মুম্বইয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে পুলিশি বাধার মুখে পড়েন ইমরান খান ও তাঁর বান্ধবী। পরবর্তীতে জানা যায়, ইমরান ভারতীয় নাগরিক নন; তিনি আমেরিকার নাগরিক এবং তাঁর কাছে ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া’ (OCI) কার্ড রয়েছে। পুলিশের দাবি, বিদেশি নাগরিক হিসেবে ভারতের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রতিবাদে অংশ নেওয়া সরাসরি আইনের লঙ্ঘন। এই কারণেই মুম্বই পুলিশ তাঁকে নোটিস পাঠিয় আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
মুম্বই পুলিশের এই পদক্ষেপের পরই একটি ভিডিও বার্তা প্রকাশ করে সুর চড়ান বিজেপি নেতা কিরীট সোমাইয়া। তিনি অভিযোগ করেন, “আমেরিকান নাগরিক ইমরান খান পাকিস্তান ও বিদেশি শক্তির থেকে টাকা পেয়ে ভারতে অরাজকতা তৈরির চেষ্টা করছেন।” তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞারও দাবি জানান তিনি। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্রেফ উড়িয়ে দিয়েছেন ইমরান খান। তাঁর সাফ বক্তব্য, তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন, কেবল একজন সাধারণ মুম্বইবাসী হিসেবে প্রতিবাদে অংশ নিয়েছিলেন।