লোকসভায় তোলপাড়! কংগ্রেসের অধ্যাপকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, স্পিকারের দ্বারে বিজেপি

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) ১১ জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে নাম জড়াল মণিপুরের কংগ্রেস সাংসদ অঙ্গোমচা বিমোল আকোইজামের। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে বিজেপির মহিলা সাংসদদের প্রতিনিধিদল। ১৫ অক্টোবর বিজেপির মহিলা মোর্চার ইনচার্জ ডঃ দগ্গুবাতী পুরন্দেশ্বরী, সাংসদ বাঁশুরী স্বরাজ এবং রূপ কুমারী চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধিদল লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাত্ করে এক স্মারকলিপি জমা দেন এবং অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে চরমতম শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান।
অভিযোগ অনুযায়ী, কংগ্রেসে যোগ দিয়ে সাংসদ হওয়ার আগে জেএনইউ-তে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন বিমোল আকোইজম। সেখানে তাঁর বিরুদ্ধে ১১ জন ছাত্রী লিখিতভাবে যৌন হেনস্থার মারাত্মক অভিযোগ এনেছিলেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি (Internal Committee) তদন্ত শেষে এই অভিযোগের সতত্য খুঁজে পায় এবং এর ভিত্তিতে গত ৯ অক্টোবর, ২০২৬ তারিখে তাঁকে অধ্যাপক পদ থেকে বরখাস্ত করা হয়। এই ঘটনায় একটি এফআইআর-ও (FIR) রুজু হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করেছে বিজেপির প্রতিনিধিদল।
স্মারকলিপিতে জানানো হয়েছে যে, এই স্পর্শকাতর বিষয়টি মহিলাদের সম্মান, ছাত্রীদের নিরাপত্তা এবং রাজনৈতিক দলগুলির নৈতিক আচরণের সঙ্গে গভীরভাবে যুক্ত। পুরন্দেশ্বরী জানান, স্পিকারের কাছে আর্জি জানানো হয়েছে যাতে বিষয়টি লোকসভার এথিক্স কমিটির (Ethics Committee) কাছে পাঠানো হয় এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর সাংসদ পদ বজায় থাকা উচিত কি না, তা নিয়ে পুনর্বিবেচনা করা হয়। স্পিকার ওম বিড়লা বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত করেছেন।