পঞ্চমীতেই ঢুকছে অগ্রিম বেতন ও ২০ শতাংশ ডিএ, সপ্তম পে কমিশন নিয়ে বড় আপডেট

পুজোর আনন্দ এবং দেবীপক্ষের উন্মাদনার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর। পঞ্চমীর দিনই যেমন একদিকে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অক্টোবর মাসের অগ্রিম বেতন এবং ২০ শতাংশ মহার্ঘ ভাতা (DA), তেমনই অন্যদিকে দ্রুত গতিতে এগোচ্ছে সপ্তম পে কমিশন গঠনের কাজ। সরকারি কর্মীদের বেতন ও ভাতা কাঠামো পর্যালোচনার লক্ষ্যে এবার রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কাছে কর্মী এবং ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য তলব করল নবগঠিত সপ্তম বেতন কমিশন।
তথ্য তলব করল সপ্তম পে কমিশন: রাজ্যের অর্থ সচিবকে চিঠি দিয়ে সপ্তম বেতন কমিশনের সদস্য-সচিব দেবী প্রসাদ করণম বিভিন্ন দফতরের কাছে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছেন। শুধু মূল প্রশাসনিক দফতরই নয়, শিক্ষক-শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা সহ যে সমস্ত সংস্থাকারীদের বেতন ও ভাতা রাজ্য সরকার বহন করে, তাঁদের সকলের তথ্যও দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের পক্ষ থেকে একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল (https://7spc.wb.gov.in/) চালু করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরের নোডাল অফিসাররা নিজেদের মোবাইল নম্বরের মাধ্যমে লগ ইন করে নির্ধারিত প্রশ্নমালার উত্তর ও পদের বিশদ বিবরণ এই পোর্টালে আপলোড করবেন। গত জুলাই মাসে প্রাক্তন আমলা নবীন প্রকাশের নেতৃত্বে পাঁচ সদস্যের এই সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল। নির্দেশিকায় জানানো হয়েছে, নতুন বেতন কাঠামোয় ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে পাঁচ সদস্যের পরিবারকে ভিত্তি হিসেবে ধরা হবে।
মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা: সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিএ ও বেতন বৃদ্ধি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, পুজোর আগেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ২০ শতাংশ ডিএ এবং পঞ্চমীতেই অক্টোবর মাসের অগ্রিম বেতন ঢুকে যাবে। পাশাপাশি সপ্তম পে কমিশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, কমিশনের রিপোর্ট হাতে আসতেই তা দ্রুত কার্যকর করা হবে।
সব মিলিয়ে, পুজোর মরসুমে সরকারি কর্মীদের হাতে টাকা আসার পাশাপাশি নতুন বেতন কমিশনের তোড়জোড় শুরু হওয়ায় রাজ্যজুড়ে কর্মচারীদের মহলে খুশির হাওয়া।