“প্রতিরোধের মুখে পিছু হটব না!” আক্রান্ত তরুণ-তরুণীদের পাশে দাঁড়িয়ে মোদী-শাহকে তোপ রাহুলের

দিল্লির রাজনীতিতে ফের চরম উত্তাপ। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি হুঁশিয়ারি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লির ১০ জনপথের বাসভবনে আন্দোলনে পুলিশি নিগ্রহের শিকার একদল তরুণ-তরুণীকে পাশে বসিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আন্দোলনকারীরাই ভারতের আসল কণ্ঠস্বর, তাদের দমন করার চেষ্টা করবেন না”।
বুধবার রাজধানীর ১০ জনপথের বাসভবনে আহত কংগ্রেস ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন রাহুল। পুলিশি অভিযানে ক্ষতবিক্ষত চারজন তরুণ-তরুণীকে সংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দিয়ে তিনি তাঁদের ‘বাঘ এবং বাঘিনী’ আখ্যা দেন। রাহুল দাবি করেন, ন্যায্য দাবিতে আন্দোলন করায় এই পড়ুয়াদের নির্দয়ভাবে মারধর করেছে দিল্লি পুলিশ, কিন্তু তাঁরা মাথা নত করেননি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিসক্রিয়তা এবং কেন্দ্র সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে তোপ দাগেন কংগ্রেস সাংসদ। তিনি সাফ জানিয়ে দেন, আন্দোলনকারীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, পুরো কংগ্রেস দল সবসময় তাঁদের পাশে রয়েছে। একইসঙ্গে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, পুলিশ বা শাসকদলের কোনো নেতাই রেহাই পাবেন না, প্রতিটি অত্যাচারের হিসাব রাখা হচ্ছে। আন্দোলন দমন করে গণতন্ত্রের কণ্ঠ স্তব্ধ করার এই প্রয়াসকে কেন্দ্র সরকারের ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলেও কটাক্ষ করে রাজনৈতিক মহল।