উৎসবের মরসুমে রেলকর্মীদের জন্য বিরাট ধামাকা! ৭৮ দিনের বেতন বোনাস হিসেবে দেবে কেন্দ্র, অ্যাকাউন্টে ঢুকবে কত টাকা?

দুর্গাপুজো এবং দেশজুড়ে উৎসবের মরসুম শুরু হতেই দেশের লক্ষ লক্ষ রেলকর্মীর জন্য এল বিরাট সুখবর। প্রতি বছরের মতো এবারও রেল কর্মীদের জন্য প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (PLB)-র ঘোষণা করে দিল নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তে দেশের প্রায় ১১ লক্ষ ৪০ হাজারেরও বেশি রেল কর্মচারী সরাসরি উপকৃত হবেন বলে রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এবারের পুজো ও দশেরার কথা মাথায় রেখে রেলকর্মীদের জন্য ৭৮ দিনের বেতন বোনাস হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খাতে মোট ২০০৯ কোটি টাকা খরচ করবে ভারতীয় রেল। এর ফলে যোগ্য প্রতিটি নন-গেজেটেড রেলকর্মী বোনাস বাবদ সর্বোচ্চ ১৭ হাজার ৯৫১ টাকা পর্যন্ত হাতে পাবেন, যা উৎসবের আনন্দ দ্বিগুণ করে দেবে।
পাশাপাশি, রেলের নিয়োগ সংক্রান্ত বড় আপডেট দিয়ে মন্ত্রী জানান, ভারতীয় রেলের বিভিন্ন বিভাগে ১ লক্ষ ৬৫ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ২০১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রেলে প্রায় ৫ লক্ষ নতুন চাকরি দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি। লোকো পাইলট, গার্ড থেকে শুরু করে ট্র্যাক রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত মাঠপর্যায়ের কর্মীরা এই বোনাসের আওতায় আসায় রেল মহলে খুশির হাওয়া।