প্রিজন ভ্যানে হাসিমুখে অমির খান! পুলিশের হাতে কেন আটক হলেন জনপ্রিয় বলিউড তারকা?

অবশেষে সমস্ত জল্পনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে নিরাপদে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা ইমরান খান (Imran Khan)। শনিবার মুম্বইয়ের রাস্তায় তাঁকে আচমকাই পুলিশের প্রিজন ভ্যানের ভেতর দেখা যায়, যা নিয়ে মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। তবে ভক্তদের জন্য বড় স্বস্তির খবর, পুলিশি হেফাজত থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা। প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং বোন জায়েদ মেরি খানকে নিয়ে তিনি নিরাপদে বাড়ি পৌঁছেছেন।
থানা থেকে ছাড়া পেলেও বাড়ি ফেরার যাত্রা মোটেও সহজ ছিল না তাঁদের জন্য। সোশ্যাল মিডিয়ায় সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা শেয়ার করে লেখা ওয়াশিংটন জানান, পুলিশ তাঁদের মুক্তি দিলেও কোনো ক্যাব বা গাড়ি ডাকার অনুমতি দেয়নি। ফলে বাধ্য হয়েই দীর্ঘ পথ হেঁটে বাড়ি ফিরতে হয় তাঁদের। ভিডিয়ো বার্তায় লেখা বলেন, “আমরা একদম ঠিক আছি। সবাই সুরক্ষিত এবং হেঁটে বাড়ির দিকে যাচ্ছি।” আটক হওয়া সত্ত্বেও বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় ইমরানকে। ভ্যানের ভেতর থেকে বোন জায়েদের তোলা ছবিতে মুচকি হেসে ‘পিস সাইন’ দেখান তিনি। জেলের অভিজ্ঞতা নিয়ে জায়েদের এক প্রশ্নের জবাবে রসিকতা করে ইমরান বলেন, “এবার বোধহয় সেই সুযোগটা চলেই এল!”
কিন্তু কেন পথে নেমেছিলেন এই তারকা? সাংবাদিকদের ইমরান স্পষ্ট জানান, তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে নামেননি, বরং মুম্বইয়ের একজন সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ জানাতে এসেছেন। তিনি বলেন, “আমার কোনো নিজস্ব দাবি নেই। শুধু দেখতে এসেছি, কেন সাধারণ মানুষের চলাফেরার স্বাধীনতা কাড়া হচ্ছে এবং কেন গলার আওয়াজ বন্ধ করা হচ্ছে?”
আসল ঘটনাটি ঘটেছিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে। অগাস্ট ক্রান্তি ময়দান এবং আজাদ ময়দান চত্বরে আয়োজিত এই জমায়েতে ইমরান ছাড়াও প্রায় ৪০০ জনকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, এই কর্মসূচির কোনো আগাম অনুমতি ছিল না এবং বেআইনি জমায়েতের জন্য এফআইআর দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে। আন্দোলনকারীরা ইমেইলে আবেদনের দাবি করলেও, দিনভর চরম আইনি টানাপোড়েনের পর প্রিয় তারকা নিরাপদে বাড়ি ফেরায় হাঁফ ছেড়ে বেঁচেছেন অনুরাগীরা।