‘ওরা মানব রক্তচোষা!’ নিজ দলের সরকারের বিরুদ্ধে কেন খড়্গহস্ত হলেন ক্ষুব্ধ শিবরাজ সিং চৌহান?

মধ্যপ্রদেশের বর্তমান রাজনৈতিক মহলে এখন সবচেয়ে চর্চিত বিষয় একটাই—নিজের দলের সরকারের ওপর কেন এত ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান? বুধনি বিধানসভা কেন্দ্রে আদিবাসী পরিবারগুলির বিরুদ্ধে রাজ্য প্রশাসনের গৃহীত এক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে শিবরাজের প্রকাশ্য ক্ষোভ এবং বর্তমান মুখ্যমন্ত্রী মোহন যাদবকে সরাসরি নিশানা করার ঘটনায় রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে।

বুধনি নিছকই একটি সাধারণ বিধানসভা কেন্দ্র নয়, এটি দীর্ঘকাল ধরে শিবরাজ সিং চৌহানের রাজনৈতিক ক্ষমতা ও আবেগের মূল ঘাঁটি হিসেবে পরিচিত। বন বিভাগের জমিতে যুগ যুগ ধরে বসবাসকারী কিছু আদিবাসী পরিবারের ওপর যখন বুলডোজার চালানো হয়, তখন তা কেবল জবরদখল হঠানোর আইনি পদক্ষেপের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। শিবরাজের অনুগামীদের মতে, নির্বাচনের বৈতরণী পার হতে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমর্থন ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর তাই এই পরিবারগুলির ওপর বুলডোজার চালানোর ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে শিবরাজ প্রশাসনকে ‘মানব রক্তচোষা’র মতো কড়া ভাষায় আক্রমণ করেন।

সূত্রের খবর, এই পরিবারগুলির ওপর কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে না বলে ইতিপূর্বে সরকারের উচ্চস্তর থেকে তাঁকে আশ্বস্তও করা হয়েছিল। কিন্তু সেই সমস্ত প্রতিশ্রুতিকে উপেক্ষা করে হঠাৎ কেন এই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পেছনে কি সরকার ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, নাকি এর নেপথ্যে মধ্যপ্রদেশের ক্ষমতার অন্দরে শিবরাজ বনাম মোহন যাদব শিবিরের ঠান্ডা লড়াই কাজ করছে— তা নিয়ে এখন শুরু হয়েছে তীব্র জল্পনা।