পুজোয় প্যান্ডেলের ভিড়ের মাঝে বক্সঅফিস মাতাতে আসছে বিরাট ধামাকা! কোন কোন হিন্দি ছবি মুক্তি পাচ্ছে জানেন?

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো মানেই নতুন জামা, প্যান্ডেল হপিং, আড্ডা আর চুটিয়ে পেটপুজো। আর এই উৎসবের আমেজে বিনোদনের আনন্দ দ্বিগুণ করতে সিনেমা হলে যাওয়ার পরিকল্পনা থাকে প্রায় সকলেরই। একদিকে যখন বড় বাজেটের একাধিক বাংলা সিনেমা বক্সঅফিসে নিজেদের আধিপত্য বিস্তারের লড়াইয়ে নেমেছে, ঠিক তখনই দর্শকদের উন্মাদনা বাড়াতে পিছিয়ে নেই বলিউডও। গোটা পুজো জুড়েই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে একাধিক বড়পর্দায় তাক লাগানোর মতো হিন্দি সিনেমা। পুজোর এই বিশেষ ছুটির দিনগুলিতে কোন কোন হিন্দি ছবি আপনার বিনোদনের খোরাক জোগাতে আসছে, তার একটি সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো:
জেলর ২ (Jailer 2):
মুক্তির তারিখ: ১৫ অক্টোবর
পরিচালক: নেলসন দিলীপকুমার
অভিনয়ে: রজনীকান্ত, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু, এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান
বড়পর্দায় ফের একবার গর্জে উঠতে আসছে ‘টাইগার ইজ ব্যাক’! তামিল ব্লকবাস্টার ছবির এই হিন্দি সংস্করণে রজনীকান্ত তাঁর আইকনিক ‘টাইগার মুথুভেল পান্ডিয়ান’ চরিত্রে দুর্দান্ত প্রত্যাবর্তন করছেন। তাঁর সঙ্গে এই ছবিতে বিদ্যা বালান, মিঠুন চক্রবর্তী, এস জে সূর্য, মোহনলাল, জ্যাকি শ্রফ এবং শিব রাজকুমারের মতো একঝাঁক তারকাকে একসঙ্গে দেখতে পাওয়া যাবে। ‘জেলর ১’-এর সাফল্যের পর এই ছবিটির গল্প নতুন মোড় নিতে চলেছে।
প্রহার: উজ্জ্বল নিকামের অনটোল্ড স্টোরি (Prahaar – The Ujjwal Nikam Story):
মুক্তির তারিখ: ১৬ অক্টোবর
পরিচালক: অবিনাশ অরুণ
অভিনয়ে: রাজকুমার রাও, ওয়ামিকা গাব্বি, জয়দীপ আহলাওয়াত, সিকান্দার খের
পরিচালক অবিনাশ অরুণ ২৬/১১-এর মুম্বই সন্ত্রাসী হামলার ভয়াবহ স্মৃতিকে ফের একবার বড়পর্দায় তুলে ধরতে চলেছেন। তবে এই ছবির মূল ফোকাস ভারতের বিশিষ্ট সরকারি কৌঁসুলি তথা প্রখ্যাত আইনজীবী উজ্জ্বল নিকামের আইনি লড়াই ও ব্যক্তিগত আত্মত্যাগের সত্য ঘটনা। আধুনিক বিচারপ্রক্রিয়া এবং আজমল কাসাবকে দোষী সাব্যস্ত করার নেপথ্যের চাঞ্চল্যকর ষড়যন্ত্র উন্মোচনে তাঁর নিরলস লড়াইয়ের গল্প দর্শকদের নাড়িয়ে দেবে।
নয়ি নভেলি (Nayyi Navelli):
মুক্তির তারিখ: ১৬ অক্টোবর
পরিচালক: বালাজী মোহন
অভিনয়ে: ইয়ামি গৌতম ধর, আদ্দিনাথ এম কোথারে, সুনিতা রাজওয়ার, মিতা বশিষ্ট, সুস্মিতা মুখোপাধ্যায়
হরর-কমেডি ঘরানার এই সিনেমাটি ঘিরে দর্শকদের কৌতূহল প্রবল। ছবির গল্প অনুযায়ী, মোহিনী (ইয়ামি গৌতম ধর) নামের এক অপরূপা নববধু মিরাটের এক বিশৃঙ্খল যৌথ পরিবারে প্রবেশ করে এবং অলৌকিকভাবেই সেই অশান্ত পরিবারকে এক শান্তিময় স্বর্গে পরিণত করে। কিন্তু এরপরই গল্পে এক অতিপ্রাকৃত মোড় আসে, যখন তার সন্দেহপ্রবণ দেবর বিশ্বাস করতে শুরু করে যে মোহিনীর নিখুঁত হাসিমুখ ও আচরণের আড়ালে লুকিয়ে রয়েছে কোনো ভয়ংকর অন্ধকার রহস্য এবং সে আসলে একজন ডাইনি!
রাণাবালি (Ranabaali):
মুক্তির তারিখ: ১৬ অক্টোবর
পরিচালক: রাহুল সাংকৃত্যন
অভিনয়ে: বিজয় দেবরাকোন্ডা, রশ্মিকা মন্দানা, আর্নল্ড ভসলু
তেলুগু ভাষার অত্যন্ত প্রতীক্ষিত এই প্যান-ইন্ডিয়া সিনেমাটি হিন্দিতেও মুক্তি পাচ্ছে, যা বাংলার দর্শক বড়পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন। ১৮৭৬-১৮৭৮ সালের ভয়াবহ মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে তৈরি ‘রানাবালি’ এক আদিবাসী যোদ্ধা রানাবালির (বিজয় দেবেরাকোন্ডা) বীরত্বের গল্প বলে। যিনি অনাহারক্লিষ্ট জনগোষ্ঠীকে রক্ষার জন্য রুখে দাঁড়ান। স্ত্রী জয়াম্মার (রশ্মিকা মন্দানা) সহায়তায় তিনি ব্রিটিশ কমিশনার স্যার থিওডোর হেক্টরের (আর্নল্ড ভসলো) দমনমূলক শাসনের বিরুদ্ধে এক হিংসাত্মক গেরিলা বিদ্রোহের নেতৃত্ব দেন।
স্ট্রিট ফাইটার (Street Fighter):
মুক্তির তারিখ: ১৬ অক্টোবর
পরিচালক: কিতাও সাকুরাই
অভিনয়ে: নোয়া সেন্টিনিও, অ্যান্ড্রু কোজি, বিদ্যুৎ জামওয়াল, জেসন মোমোয়া
অ্যাকশনপ্রেমীদের জন্য এই পুজোয় থাকছে এক বিশাল ধামাকা। ছবির কাহিনী আবর্তিত হয়েছে দুই প্রাক্তন ঘনিষ্ঠ বন্ধু—রিউ এবং কেন-কে ঘিরে, যাদের বিশ্বখ্যাত ‘ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্ট’-এ অংশ নেওয়ার জন্য পুনরায় একত্রিত করেন চুন-লি। কিন্তু শীঘ্রই তাঁরা বুঝতে পারেন এই টুর্নামেন্টের আড়ালে এক বিশাল বিপজ্জনক ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে, যা তাঁদের একে অপরের বিরুদ্ধে লড়তে এবং অতীতের অন্ধকার অধ্যায়ের মুখোমুখি হতে বাধ্য করে।