ফিতে কাটতে কাঁচির দরকার নেই! একেবারে অন্য মেজাজে দুর্গাপুজো উদ্বোধন করলেন মন্ত্রী দিলীপ!

পুজোর উদ্বোধন করতে গিয়ে ফিতে কাটার কাঁচি পেলেন না তো কী! হাত দিয়ে টেনে ফিতে ছিঁড়ে একেবারে তাক লাগিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী। আর এমন ব্যতিক্রমী ও রূঢ় মেজাজে কাণ্ড ঘটাতে পারেন একমাত্র দিলীপ ঘোষই। সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনার হাবড়ার নামী ‘আমরা সবাই ক্লাব’-এর দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে এমন ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। হাবড়ার এই ঐতিহ্যবাহী পুজোটি এবছর ৫৬তম বছরে পদার্পণ করেছে। মন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই প্যান্ডেলে মাইকে ব্যাপক প্রচার চলছিল এবং নির্দিষ্ট সময়েই দিলীপ ঘোষ সেখানে এসে পৌঁছান।

তবে মণ্ডপে পৌঁছেই ঘটে বিপত্তি। ফিতে কাটার জন্য কোনো কাঁচি বা ধারালো বস্তু নিয়ে কেউ এগিয়ে না আসায় বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তাঁকে। মন্ত্রীর সঙ্গে থাকা সহযোগীরাও ইশারায় চারপাশ খুঁজতে শুরু করেন। কিন্তু কাঁচি আর জোগাড় না হওয়ায় আর এক মুহূর্তও অপেক্ষা না করে দিলীপ ঘোষ নিজেই হাত দিয়ে হেঁচকা টানে ফিতে ছিঁড়ে সোজা মণ্ডপে প্রবেশ করেন। তাঁর এই ‘বাহুবলী’ স্টাইলের উদ্বোধনের দৃশ্য মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

পুজো উদ্বোধনের পর মঞ্চে দাঁড়িয়ে আয়োজকদের উদ্দেশ্যে এক কড়া বার্তাও দেন তিনি। চাঁদার জুলুম ও তোলাবাজি থেকে দূরে থাকার জন্য ক্লাব কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করেন দিলীপ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিক নানা রাজনৈতিক ইস্যু নিয়েও তীব্র আক্রমণ শানান। দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং কলকাতার সিজেপি-র প্রতিবাদ প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “যেসব দলগুলি উঠে যাচ্ছে, তাদের কাছে আর কোনো প্ল্যাটফর্ম নেই। তাই তারা আরশোলার ডানা ধরে ঝুলে থাকার চেষ্টা করছে।” একই সঙ্গে বাংলাদেশের কিছু মন্ত্রীদের সোশাল মিডিয়া পোস্টের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন যে, বিদেশ থেকে এদেশকে অস্থির করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে এবং বিরোধীদের সেই চক্রান্ত জনগণ বুঝে গেছে। পুজো উদ্বোধনের মঞ্চ থেকে এমন বিস্ফোরক মন্তব্য ও দিলীপ ঘোষের ফিতে ছেঁড়ার আকস্মিক ঘটনা রাজ্য রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।