অবসরের পর ফ্রি-তে মিলবে সুদের টাকা? ইপিএফও-র এই রুল জানা না থাকলে বড় আর্থিক বিপদে পড়তে পারেন!

চাকরি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন? তা হলে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা জরুরি। অনেক চাকরিজীবীই মনে করেন যে, কাজ থেকে অবসর নেওয়ার পর তাঁদের সঞ্চিত পিএফ ফান্ডের ওপর অনির্দিষ্টকাল ধরে সুদ জমা হতে থাকবে। তবে বাস্তবে তা নয়। ইপিএফও (EPFO)-র স্পষ্ট নিয়ম অনুযায়ী, অবসরের পরে কতদিন পর্যন্ত সুদের টাকা পাবেন, তা নির্ভর করে সদস্যের বয়স, কর্মসংস্থানের অবস্থা এবং সংশ্লিষ্ট প্রভিডেন্ট ফান্ড স্কিমের প্রযোজ্য বিধির ওপর।

যদি কোনও কর্মী ৫৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই চাকরি থেকে ইস্তফা বা অবসর নেন, তবে নিয়ম অনুসারে তাঁর বয়স ৫৮ বছর না হওয়া পর্যন্ত ইপিএফ অ্যাকাউন্টে সুদ জমা হতে পারে—এমনকি অ্যাকাউন্টে নতুন কোনও কন্ট্রিবিউশন না হলেও। ধরুন, কোনও কর্মী ৫২ বছর বয়সে অবসর নিলেন, তা হলে ৫৮ বছর হওয়া পর্যন্ত তিনি সেই জমাকৃত অর্থের ওপর সুদের সুবিধা পাবেন। তবে যেসব কর্মী ৫৫ বছর বা তার বেশি বয়সে অবসর নিচ্ছেন, তাঁদের ক্ষেত্রে হিসাব কিছুটা ভিন্ন। অনেকেই মনে করেন অবসরের পর তিন বছর পর্যন্ত চোখ বন্ধ করে সুদ মিলবে, যা সবসময় সঠিক নাও হতে পারে।

এখানেই শেষ নয়, পিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে ‘নিষ্ক্রিয়’ (Inoperative) অ্যাকাউন্দের নিয়মটি বোঝা সবচেয়ে জরুরি। নির্ধারিত সময় ধরে কোনও লেনদেন বা কন্ট্রিবিউশন না থাকলে বা নির্দিষ্ট বয়সের পর জমা টাকা না তুললে অ্যাকাউন্টটি অকার্যকর হিসেবে চিহ্নিত হতে পারে। অবশ্য ‘অকার্যকর’ হওয়ার অর্থ টাকা বাজেয়াপ্ত হওয়া নয়। অর্থ অ্যাকাউন্টে সুরক্ষিত থাকলেও পরবর্তী সময়ে তা তুলতে গিয়ে জটিলতায় পড়তে হয়। তাই আগেভাগে অবসর নেওয়া বা পিএফ ব্যালেন্স তোলার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ইপিএফও-র সাম্প্রতিক পাসবুক ও গাইডলাইন যাচাই করা উচিত।