স্টেডিয়ামের পর এবার মেগা বিমানবন্দর! মোদির নামে নামকরণে ঐতিহাসিক সিদ্ধান্ত যোগী মন্ত্রিসভার

অতীতে গুজরাটের মোতেরা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘নরেন্দ্র মোদি স্টেডিয়াম’ রাখা হয়েছিল। ঠিক তার পাঁচ বছর বাদে এবার দেশের প্রধানমন্ত্রীর নামে আরও এক মেগা প্রকল্পের নামকরণের সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। দিল্লির পরিকাঠামোয় বড় চমক এনে জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর, নয়ডা-জেওয়ার’ রাখার প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিল যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা। শুক্রবার লখনউতে এক সাংবাদিক সম্মেলনে এই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সাংবাদিক বৈঠকে যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই বিমানবন্দরটি রাজ্যের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। তাঁর মতে, ভবিষ্যতে এটি কেবল উত্তরপ্রদেশের বৃহত্তম বিমানবন্দরই হবে না, বরং দেশের অন্যতম প্রধান ও ব্যস্ততম ‘এভিয়েশন হাব’ হিসেবেও বিশ্বজুড়ে আত্মপ্রকাশ করবে।

এদিনের বৈঠকে বিমানবন্দর ছাড়াও রাজ্যের একাধিক সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের চিত্র তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে প্রায় ৬০,০০০ কোটি টাকা ব্যয়ে ২,৪৮৩ কিলোমিটার দীর্ঘ ৪২টি জাতীয় সড়ক নির্মাণের কাজ হয়েছে। পাশাপাশি দিল্লি-সাহারানপুর-দেরাদুন, দিল্লি-মিরাট এবং কানপুর-লখনউ এক্সপ্রেসওয়ের নির্মাণকাজও সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের প্রথম হাই-স্পিড আরআরটিএস (RRTS) ‘নমো ভারত’ ট্রেন প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রায় ৩০,০০০ কোটি টাকারও বেশি খরচে এই আধুনিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর পাশাপাশি লখনউ, কানপুর, আগ্রা, মিরাট, গাজিয়াবাদ, নয়ডা এবং গ্রেটার নয়ডার মতো গুরুত্বপূর্ণ শহরগুলিতে মেট্রো নেটওয়ার্ক যেভাবে সম্প্রসারিত হয়েছে, তাতে উত্তরপ্রদেশের যোগাযোগ ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছেছে।