মহালয়ার সকালেই বৃষ্টি নামবে? পিতৃপক্ষ শেষের ভোরে আবহাওয়া নিয়ে এল বড় দুঃসংবাদ!

শুক্রবার পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শনিবারে আসছে মহালয়া। ভোরবেলা রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আর শিউলি ফুলের গন্ধে চারপাশ মেতে ওঠার সঙ্গেই শুরু হয়ে যাবে দেবীপক্ষের শুভ সূচনা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেলেও মহালয়ার সকালেই কি বৃষ্টির মুখে পড়তে হবে শহরবাসীকে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে। আর তার মাঝেই মহালয়ার আবহাওয়া নিয়ে বিশেষ পূর্বাভাস প্রকাশ করল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবারে মহালয়ার দিনেও বৃষ্টির হাত থেকে এখনই সম্পূর্ণ মুক্তি মিলছে না। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মহালয়ার ভোরে বা দিনে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে।
পুজোর ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে বৃষ্টির এই পূর্বাভাস কিছুটা হলেও চিন্তায় রেখেছে পুজোপ্রেমী মানুষজনকে। তবে মহালয়ার চেনা আমেজ এবং পুজোর মার্কেটিংয়ের উত্তাপকে বুড়ো আঙুল দেখিয়ে বৃষ্টির এই মেঘ কেটে গিয়ে আবহাওয়া কবে পুরোপুরি পরিষ্কার হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় রাজ্যবাসী।