‘১০০টা তদন্ত করুন, কোথায় দাঁড়াবেন ভাবুন!’ শুভেন্দুর আল্টিমেটামকে ফুঁড়ে দিলেন বিকাশ রঞ্জন

সিপিএমের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকাশের বাড়িতে হামলার ঘটনার পর তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এই বিরোধ তুঙ্গে উঠেছে। নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অভিযোগ করেন, ওই পোস্টে ‘হিন্দুত্ববাদী’ শব্দ ব্যবহার করে হিন্দু সমাজকে অপমান করেছেন সিপিআইএম নেতা। একইসঙ্গে, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ওই শব্দ না সরালে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার আল্টিমেটামও দেন তিনি। আর এই হুঁশিয়ারির পরেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিকাশ ভট্টাচার্যও।
শুভেন্দুর এই ডেডলাইনকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে একেবারে নিজের চেনা মেজাজে সুর চড়িয়েছেন বাম নেতা। তাঁর বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে তাঁর পেশাদার আইনজীবী সত্তা। এফআইআর ও আইনি ব্যবস্থার হুমকি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য কটাক্ষের সুরে বলেন, “একটা কেন, একশোটা তদন্ত করুন! তবে তদন্তের শেষ পরিণতিতে উনি কোথায় গিয়ে দাঁড়াবেন, সেটা ওমাকেও একটু ভাবতে হবে।”
এরপরই আরও এক ধাপ এগিয়ে তিনি খোঁচা দিয়ে বলেন, “ওঁকে ভালো করে পড়ার জন্য আমি বাংলায় লেখা একটি সংবিধান উপহার পাঠিয়ে দেব। তার পরে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কল্পনা করবেন।” বলাই বাহুল্য, শুভেন্দু-বিকাশের এই দ্বৈরথ রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়াতে শুরু করেছে।