“আমেরিকায় গ্রিন কার্ডের স্বপ্ন কি অধরা?”TCS, INFOSYS সহ একাধিক সংস্থাকে বিরাট ঝটকা ট্রাম্প প্রশাসনের!

মার্কিন মুলুকে কর্মরত ভারতীয় আইটি পেশাদারদের কপালে ফের চিন্তার ভাঁজ। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এক বড় পদক্ষেপে ভারতীয় একাধিক শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সংস্থা সহ বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানিকে আমেরিকার পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন (PERM) কর্মসূচি থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হলো। এই সিদ্ধান্তের ফলে টিসিএস (TCS), ইনফোসিস, উইপ্রো, এইচসিএল, কগনিজ্যান্ট ও ক্যাপজেমিনির পাশাপাশি মাইক্রোসফট এবং অ্যাডোবির মতো বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি সংস্থাও কাঠগড়ায় রয়েছে।
ঠিক কী অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন?
আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে PERM হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। মার্কিন শ্রম দফতরের অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থাগুলি এই ব্যবস্থার অপব্যবহার করে মার্কিন স্থানীয় কর্মীদের সুযোগ থেকে বঞ্চিত করছে এবং ইচ্ছেকৃতভাবে বিদেশি কর্মীদের বেশি প্রাধান্য দিচ্ছে। এই অভিযোগের পরেই নতুন পার্মানেন্ট লেবার সার্টিফিকেশনের আবেদন গ্রহণ তো বটেই, এমনকি ইতিমধ্যে জমা পড়া আবেদনগুলির প্রসেসিংও সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় কর্মীদের ওপর এর আসল প্রভাব কী?
ইমিগ্রেশন আইনজীবী গীতা দারুব্রা ইন্ডিয়া টুডে ডিজিটালকে জানিয়েছেন, এই সাসপেনশনের ফলে এখনই কোনো কর্মীর বৈধ H-1B ভিসা বা আমেরিকায় থাকার ও কাজ করার অধিকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে না। অর্থাৎ টিসিএস বা ইনফোসিসে কর্মরত কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভিসা নিয়ে আশু ভয়ের কারণ নেই।
তবে যাঁদের H-1B ভিসার ছয় বছরের মেয়াদ শেষ হওয়ার পথে এবং যাঁরা গ্রিন কার্ড পাওয়ার আশায় ছিলেন, তাঁদের প্রক্রিয়াটি দীর্ঘসূত্রিতা ও চরম অনিশ্চয়তার মুখে পড়ল। হোয়াইট হাউসের এই কঠোর নীতির ফলে আগামী দিনে ভারতীয় পেশাদারদের গ্রিন কার্ড স্পনসর করার ক্ষেত্রে সংস্থাগুলি যথেষ্ট রক্ষণশীল নীতি নিতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।