‘গণতন্ত্রের টুঁটি টিপে ধরা হচ্ছে’, দিল্লির কনট প্লেসে সিপিএম সাংসদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ

দিল্লি পুলিশের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও বলপ্রয়োগের অভিযোগ এনে সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি লিখলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস। একই সঙ্গে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও ঘটনার প্রতিলিপি পাঠানো হয়েছে।

রবিবার দিল্লির কনট প্লেস ও রাজীব চক এলাকা থেকে তাঁকে জবরদস্তি আটক ও হেনস্থা করা হয় বলে অভিযোগ। সাংসদের দাবি, পুলিশের গাড়িতে তোলার সময় তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং মারধর করা হয়। পরে এক পদস্থ কর্তার নির্দেশে তাঁকে একটি নির্জন স্থানে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে শুধুমাত্র একজন সাংসদের উপর হামলা নয়, বরং গোটা সংসদীয় ব্যবস্থা এবং গণতান্ত্রিক স্বাধীনতার উপর চরম আঘাত বলে তোপ দেগেছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা করে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন সিপিএম সাংসদ।