রিয়াধ বিমানবন্দরে ভয়াবহ হুথি হামলা! ১ ভারতীয়সহ নিহতের সংখ্যা বেড়ে ১৩, আশঙ্কাজনক বহু!

সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ভয়াবহ হামলায় ১ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। এই নিয়ে মর্মান্তিক এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩-এ। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যম X-এ এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছে। এই হামলায় আরও কয়েকজন ভারতীয় আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেরই হাসপাতালে চিকিৎসা চলছে।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, “দুর্ভাগ্যজনকভাবে রিয়াধ হামলায় জখম এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” নিহত ভারতীয়র দেহ দ্রুত দেশে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সৌদি প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পাশাপাশি, দূতাবাসের উচ্চপদস্থ আধিকারিকেরা হাসপাতালে গিয়ে আহত ভারতীয়দের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। বর্তমানে ৩ জন ভারতীয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন থাকলেও তাঁদের অবস্থা স্থিতিশীল। আরও ২ জন সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
সৌদির অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মতে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এই আকস্মিক হামলায় ৩০৯ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন সৌদি নাগরিক ছাড়াও বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, প্যালেস্টাইন ও সুদানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। হামলার পরপরই বিমানবন্দরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগেও ৬ ও ৭ অক্টোবর আবা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছিল হুথিরা। আন্তর্জাতিক মহল ও অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়াং নিরপরাধ সাধারণ মানুষের ওপর চালানো এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।