বাংলায় কি তবে পুজোয় ভাসবে প্যান্ডেল? অষ্টমীর মুখে আবহাওয়া নিয়ে এল বিরাট দুঃসংবাদ!

আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দুর্গাপুজোর প্রাক্কালে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উৎসবের আনন্দ মাটি করে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৮ এবং ৯ অক্টোবর রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বওয়ারও আশঙ্কা করা হচ্ছে।
আজ অর্থাৎ ৮ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু কিছু নির্দিষ্ট এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে ৮ অক্টোবর উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি নির্দিষ্ট জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা সাধারণ মানুষের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।
এরপর ৯ অক্টোবর বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। ওই দিন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হতে পারে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ব্যাপক বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পশ্চিম ও মধ্যাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ অক্টোবর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে আবহাওয়ার এই খারাপ পরিস্থিতি কেটে যাওয়ার সুখবরও দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী ১০ অক্টোবর থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। ১০ অক্টোবর উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগের দুদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। একইভাবে, ১০ অক্টোবর দক্ষিণবঙ্গের পশ্চিম ও মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে বৃষ্টির পরিমাণ আগের দিনের থেকে অনেকটাই কমে যাবে। আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, আগামী ১০ অক্টোবর উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাওই নতুন করে কোনো বিশেষ সতর্কতা বা লাল সতর্কতা জারি করা হয়নি।