পেট্রল পাম্প সিল করতেই ইন্ডিয়ান অয়েল আধিকারিককে এলোপাথাড়ি ছুরি! সাতবার কোপ মেরে মর্মান্তিক খুন, তোলপাড় রাজ্য

মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় পেট্রল পাম্প সিল করার প্রক্রিয়াকে কেন্দ্র করে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইন্ডিয়ান অয়েলের এক সেলস ম্যানেজারকে প্রকাশ্যে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ উঠেছে পেট্রল পাম্প অপারেটরের ছেলের বিরুদ্ধে। এই লোমহর্ষক ঘটনায় কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ইতিমধ্যেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের কড়া নির্দেশ দিয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের হিঙ্গোলিতে অবস্থিত ইন্ডিয়ান অয়েলের ওই পেট্রল পাম্পটি কিছু প্রশাসনিক সমস্যার কারণে গত তিন মাস ধরে বন্ধ ছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় ইন্ডিয়ান অয়েলের সেলস ম্যানেজার মহেশ শেলকে এবং তাঁর দল সেই পাম্পটি পুরোপুরি সিল করার জন্য ঘটনাস্থলে যান। অভিযোগ, পাম্প অপারেটরের পরিবার ব্যবসাটি পুনরায় চালু করার জন্য আরও এক মাস সময় প্রার্থনা করেছিল। কিন্তু ইন্ডিয়ান অয়েলের আধিকারিক মহেশ শেলকে সেই প্রস্তাবে রাজি হননি। এর জেরেই দুপক্ষের মধ্যে বচসা চরমে ওঠে।
পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক সেই মুহূর্তেই পেট্রল পাম্প অপারেটরের ছেলে উমেশ পান্ডবীর চরম হিংস্র হয়ে ওঠেন। তিনি একটি ধারাল অস্ত্র নিয়ে সেলস ম্যানেজারের ওপর চড়াও হন। পুলিশের প্রাথমিক তদন্ত ও প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মহেশ শেলকের পেট, পিঠ ও মুখ সহ শরীরের বিভিন্ন অংশে পরপর সাতবার ধারাল অস্ত্র দিয়ে উপুর্যুপরি কোপ মারা হয়। মুহূর্তের মধ্যে রক্তে ভেসে গিয়ে রাস্তার ওপরেই মাটিতে লুটিয়ে পড়েন ওই আধিকারিক। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খুনের পরই অভিযুক্ত উমেশ পান্ডবীর ও তার সহযোগীরা দুটি গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে ইন্ডিয়ান অয়েল কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পরই কুরুন্দা থানায় একটি সুনির্দিষ্ট খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে একাধিক বিশেষ দল গঠন করে জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছে। দেশের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির একজন শীর্ষস্থানীয় আধিকারিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় প্রশাসনিক স্তরেও নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল।