ব্যালট পেপারেই সাফ সাফ হার কংগ্রেসের! শিলচরের প্রথম পুরভোটে ৩৪ আসনে জয়ী বিজেপি-এনডিএ জোট

ইভিএম (EVM) নিয়ে বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগের কড়া জবাব দিয়ে ব্যালট পেপারে অনুষ্ঠিত শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম নির্বাচনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট। কর্পোরেশনের মোট ৪২টি ওয়ার্ডের মধ্যে একাই ৩৪টি আসনে নিরঙ্কুশ জয় পেয়ে বড়সড় সাফল্য অর্জন করেছে শাসক শিবির। এর মধ্যে বিজেপি ৩২টি এবং তাদের শরিক দল অসম গণ পরিষদ (AGP) ২টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, কংগ্রেস মাত্র ২টি আসন এবং নির্দল প্রার্থীরা ৬টি ওয়ার্ডে জয়লাভ করেছেন। ভোট শতাংশ ছিল প্রায় ৭০.২২%।

নির্বাচনের এই চমকপ্রদ ফলাফলের পর কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “এখন তো ব্যালট পেপারে নির্বাচন হয়েছে, তাও কংগ্রেস শোচনীয়ভাবে হেরে গেল। শিলচরের জনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ এবং শহুরে পরিকাঠামো উন্নয়নের দৃষ্টিভঙ্গির ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি তাদের সামনে মাথা নত করছি।” মুখ্যমন্ত্রী আরও জানান, শিলচরকে অসমের অন্যতম প্রধান ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

অন্যদিকে, অসম রাজ্য বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়াও কংগ্রেসকে একহাত নিয়ে বলেন, “বিরোধীরা সবসময় ইভিএম কারচুপির অজুহাত দেয়, কিন্তু ব্যালট পেপারে ভোট হওয়ার পরেও তাদের টিকি দেখা গেল না। এই ফলাফল প্রমাণ করে যে রাজ্যের সাধারণ মানুষ ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের রাজনীতির সঙ্গেই রয়েছে।” উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর নাগরিক কমিটি ছাড়াই চলা বরাক উপত্যকার এই প্রধান শহরের পৌর নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে।