বিপুল পরিমাণ বিদেশি সোনা উদ্ধার! বাংলাজুড়ে DRI-এর মেগা অভিযানে আটক কোটি কোটি টাকার চোরাই সোনা

বাংলাজুড়ে সোনা পাচারের বিরুদ্ধে লাগাতার বড়সড় সাফল্য পেল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। ডানকুনি ও শিলিগুড়ি থেকে শুরু করে ভারত-বাংলাদেশ সীমান্ত এবং খাস কলকাতা— একাধিক সফল অভিযানে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার বিদেশি সোনা ও বৈদেশিক মুদ্রা। আন্তর্জাতিক পাচার চক্রের পর্দাফাঁস করে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।
ডানকুনি রেলস্টেশনে আগরতলা–চার্লাপল্লি স্পেশাল এক্সপ্রেস থেকে নামার পর চার যাত্রীকে আটক করেন DRI আধিকারিকরা। তল্লাশিতে দুই মহিলার কাগজের প্যাকেট থেকে ২৪ ক্যারেট বিদেশি সোনার ১১টি কয়েন উদ্ধার হয়। প্রায় ২.২ কেজি ওজনের এই সোনার আনুমানিক বাজারমূল্য ৩.২৯ কোটি টাকা। তদন্তে জানা যায়, বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব ভারতের সীমান্তপথে সোনা এনে আগরতলার মাধ্যমে তা কলকাতায় পাঠানো হচ্ছিল। এই ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, শিলিগুড়িতেও সোনা পাচারের এক অভিনব কায়দা ভেস্তে দিয়েছে DRI। মিজোরামের চাম্ফাই থেকে বাসে করে কলকাতার দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। শিলিগুড়িতে তাঁর জিনিসপত্র তল্লাশি করতেই লোহার ও স্টিলের নাট-বল্টুর ভেতর থেকে উদ্ধার হয় প্রায় ২.৯ কেজি ওজনের ছ’টি শক্ত সিলিন্ডার আকৃতির সোনার টুকরো, যার বাজারমূল্য ৪.৪২ কোটি টাকা।
এর পাশাপাশি, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও ডিআরআই-এর যৌথ অভিযানে চরমুরাশি এলাকায় ঘাসের স্তূপের ভেতর লুকিয়ে রাখা ১.১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, কলকাতার ডানলপে একটি দিল্লিগামী বাস থেকে ১.২৯ কেজি সোনা এবং ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলারসহ মোট ছ’জনকে আটক করেছে DRI। অভিযুক্তদের ডেরা থেকে সোনা গলানোর সরঞ্জাম, অস্ত্র ও কার্তুজও উদ্ধার হয়েছে। সব মিলিয়ে রাজ্যজুড়ে DRI-এর এই ঝোড়ো অভিযানে পাচারকারীদের নেটওয়ার্কে বড়সড় ধাক্কা লেগেছে।