রাস্তায় দৌড় করাল ক্যাব চালক! খাস কলকাতায় মাঝরাতে চরম হেনস্থার শিকার জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী

খাস কলকাতার বুকে শুটিং সেরে বাড়ি ফেরার পথে মারাত্মক হেনস্থার শিকার হলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বাঘিনী’-র মহুয়া অর্থাৎ টেলি অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। মঙ্গলবার গভীর রাতে হাজরা মোড়ের বসুশ্রী সিনেমার সামনে থেকে একটি অ্যাপ ক্যাব বুক করেছিলেন তিনি। গন্তব্য প্রথমে পার্ক স্ট্রিট হলেও শুটিংয়ে দেরি হওয়ায় তিনি দমদমের দিকে যাওয়ার কথা বলেন। কিন্তু যাত্রা শুরু হতেই চালকের সন্দেহজনক আচরণ দেখে তিনি রবীন্দ্র সরোবরের কাছে তাঁকে নামিয়ে দিতে অনুরোধ করেন। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও ক্যাব চালক গাড়ি থামাতে অস্বীকার করেন এবং অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করেন।

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সম্পিতা দমদমের পুরো ভাড়া দিতে অস্বীকার করলে চালক তাঁর ব্যাগ ও টাকা-পয়সা নিয়ে গাড়ি ছুটিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন। প্রাণভয়ে রাস্তায় চিৎকার করতে করতে অভিনেত্রীকে কিছুটা রাস্তা দৌড়তেও হয়। সম্পিতা জানান, আতঙ্কের সেই মুহূর্তে ক্যাব সংস্থার সেফটি হেল্পলাইনে বারবার মেসেজ করা সত্ত্বেও কোনো সাহায্য মেলেনি। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় শেষপর্যন্ত রক্ষা পেলেও এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী। লাইভে এসে গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা ঘোষণা করেছেন।