রাহুল গান্ধীকে আটক! আকাশবাণী ভবন চত্বরে ধুন্ধুমার কাণ্ডের পর অবশেষে কী জানাল পুলিশ?

নির্বাচন কমিশন অভিমুখে নির্ধারিত মিছিলের অনুমতি না মেলায় আকাশবাণী ভবন চত্বরে দীর্ঘ আট ঘণ্টারও বেশি সময় ধরে চলা তীব্র অবস্থান-বিক্ষোভের পর অবশেষে আটক করা হয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। তবে বিক্ষোভের তীব্রতা বাড়ার পর রাতেই রাহুল গান্ধী সহ দলের অন্যান্য ধৃত নেতাদের মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী, রাত ১০টার কিছু পরেই পুলিশি হেফাজত থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত হয় যখন বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও ও প্রতিবাদ মিছিল পুলিশি বাধায় আটকে যায়। এর পরেই আকাশবাণী ভবন চত্বরে অবস্থান বিক্ষোভে বসে পড়েন কংগ্রেস নেতা-কর্মীরা। দীর্ঘ সময় ধরে চলা এই ধরপাকড় ও উত্তেজনার মধ্যেই বিক্ষোভকারীদের সেখান থেকে জোরপূর্বক সরিয়ে কিংসওয়ে ক্যাম্প পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে বিরোধী দলগুলির বিক্ষোভ ও পুলিশি পদক্ষেপের ঘটনায় রাজধানীর রাজনৈতিক পারদ এক ধাক্কায় অনেকটাই চড়ে গিয়েছে।
এই পুরো ঘটনাপ্রবাহের পরই সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে তীব্র আক্রমণ শানিয়েছেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অত্যন্ত কড়া ভাষায় কেন্দ্র সরকারকে নিশানা করে তিনি লেখেন, “ছাত্রদের আটক করা হয়েছে, সাংবাদিকদের আটক করা হয়েছে, এবার বিরোধী দলনেতাকেও আটক করা হল। একনায়ক-শাসক সত্যিই অন্য সবকিছুর চেয়ে জ্ঞানুকে বেশি ভালবাসেন।” তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা।