আকাশবাণী ভবনে জোরপূর্বক প্রবেশ! রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে কড়া এফআইআর, চরম উত্তপ্ত জাতীয় রাজনীতি

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং ভোটার তালিকা সংক্রান্ত ‘স্পেশ্যাল ইন্টেন্সিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগে রাজধানীর রাজপথ উত্তাল করে তুলেছে ‘ইন্ডি’ (INDIA) জোট। মঙ্গলবার নির্বাচন কমিশন অভিমুখে বিশাল প্রতিবাদ মিছিল চলাকালীন আকাশবাণী ভবনে বিনা অনুমতিতে জোরপূর্বক প্রবেশের অভিযোগে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রাসহ একাধিক বিরোধী সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, সংসদ ভবন থেকে নির্বাচন সদন পর্যন্ত এই পদযাত্রার জন্য ডেপুটি পুলিশ কমিশনার (DCP) দফতরের কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি। মিছিলটি আকাশবাণী ভবনের সামনে পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়ে। এরপরই রাহুল ও প্রিয়াঙ্কার নেতৃত্বে বিরোধী সাংসদরা ভবন চত্বরে বসে পড়ে দীর্ঘ আট ঘণ্টারও বেশি সময় ধরে লাগাতার অবস্থান-ধর্না চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার রাত আটটা নাগাদ পুলিশ কড়া পদক্ষেপ করে এবং রাহুল-প্রিয়াঙ্কা সহ প্রায় ২৬০ জন বিক্ষোভকারীকে আটক করে প্রিজন ভানে তোলে।

যদিও আটক করার কিছুক্ষণের মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হয়, তবে বুধবারই ফের নতুন করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। দলীয় সূত্রের দাবি, প্রধান নির্বাচন কমিশনার এবং অপর দুই কমিশনারের সঙ্গে প্রায় ৩০০ জন বিরোধী সাংসদের সাক্ষাতের একটি আনুষ্ঠানিক অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল। কমিশনের পক্ষ থেকে দুদিনের মধ্যে বৈঠকের লিখিত আশ্বাস মিললেই ধর্না তুলে নেওয়া হবে বলে শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু সেই শর্ত মানেনি প্রশাসন। পুলিশের এই দমনপীড়নের বিরুদ্ধে সুর চড়িয়ে ‘ইন্ডি’ জোট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার অধিকার রক্ষার এই লড়াই কোনোভাবেই থামবে না। আজকের এই আইনি জটিলতা এবং এফআইআর দায়েরের ঘটনা জাতীয় রাজনীতিতে কেন্দ্র-বিরোধী সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty