মোদী সরকারের বিরুদ্ধে নতুন ‘আইকন’! বিজেপির পরিবার থেকে উঠে এসে কীভাবে দেশের প্রতিবাদের মুখ হলেন নেহা?

দিল্লির যন্তর-মন্তর থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়—বর্তমান ছাত্র আন্দোলনের অন্যতম চর্চিত মুখ হিসেবে উঠে এসেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র নেত্রী নেহা বোরা। গত মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে একটানা আন্দোলন ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে শিরোনামে আসেন তিনি। দিল্লি পুলিশ তাকে আটক করে নারেলা এলাকায় ছেড়ে দেয়। তবে এত কিছুর পরেও তার লড়াকু মনোভাব এতটুকুও ম্লান হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ভাঙা গলায় তিনি ঘোষণা করেন, “দিল্লিতে রক্তক্ষরণ হলে কলকাতা উঠে দাঁড়ায়, কলকাতার রক্ত বইলেও দিল্লি পাশে থাকবে।”

নেহা বোরার এই রাজনৈতিক যাত্রার শুরুটা হয়েছিল ২০২৬ সালের জুলাই মাসে। মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস মামলায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র অনশন আন্দোলনে তিনি সক্রিয় অংশ নেন। এরপর ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে রাঁচিতে ছাত্র বিক্ষোভে অংশ নিতে গেলে তার মুখে কালি ছুড়ে মারা হয়। তবে দমে না গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কালি ছুড়ে ছাত্র-যুবদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। দিল্লির আন্দোলনে প্যালেট গান ও লাঠিচার্জের মুখোমুখি হলেও তিনি পিছু হটেনি।

উত্তরাখণ্ডের বাসিন্দা নেহা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং আম্বেদকর ইউনিভার্সিটি থেকে এমএ সম্পন্ন করার পর বর্তমানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) পিএইচডি করছেন। তার পরিবার রাজনৈতিকভাবে দীর্ঘকাল ধরে বিজেপি-সমর্থক হওয়ায় বাড়ির অন্দরেই তাঁকে কঠিন মতপার্থক্য ও উত্তেজনার মুখোমুখি হতে হয়েছে। ফ্রন্টলাইন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, স্নাতক স্তরের দ্বিতীয় বা তৃতীয় বর্ষ থেকেই তিনি নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা অর্জন করেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে তাঁর তুলনা শুরু হলে নেহা তা স্পষ্টভাবে এড়িয়ে যান। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “তুলনা নয়, সংহতি। আমরা একসঙ্গে লড়ি।” জবাবে অভিজিৎও তাঁর সঙ্গে সুর মিলিয়ে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। বর্তমান প্রজন্মের তরুণদের অধিকার, এসআইআর প্রক্রিয়া এবং গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে নেহা বোরার স্পষ্টভাষী ও আপসহীন নেতৃত্ব দেশের রাজনৈতিক মহলে গভীর প্রভাব ফেলছে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty