ভোটের লাইনে প্রয়াত আপ্তসহায়কের মা! নন্দীগ্রামে মার্জিন বাড়ানোর হুঙ্কার দিয়ে কী বললেন বিজেপি প্রার্থী?

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের সকালেই গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিলেন প্রয়াত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা তথা বিজেপি প্রার্থী হাসিরানি রথ। সকাল থেকেই বিভিন্ন বুথ পরিদর্শনের পাশাপাশি রেয়াপাড়ার শিব মন্দির, কালী মন্দির ও রাম মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন তিনি। এদিন উৎসবের মেজাজে ভোট হচ্ছে দাবি করে হাসিরানি বলেন, “এখানে লড়াই কারও সঙ্গে নয়, বিরোধীরা অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছেন আর আমরা লড়ছি মার্জিন বাড়ানোর লক্ষ্য নিয়ে।”

সংখ্যালঘু ভোটারদের প্রসঙ্গে আত্মবিশ্বাসী সুর শোনা যায় তাঁর গলায়। তিনি দাবি করেন, এবারের উপনির্বাচনে সংখ্যালঘু ভোটাররাও তাঁদের সরকারের পক্ষেই রায় দেবেন এবং ভোটবাক্সে তার প্রতিফলন ঘটবে। প্রসঙ্গত, এই আসনটি পূর্বে শুভেন্দু অধিকারী ছেড়েছিলেন। প্রয়াত পুত্র চন্দ্রনাথ রথ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “শুভেন্দু বাবু অত্যন্ত মানবিক। তিনি সিবিআই তদন্তের ভার দিয়েছেন, আমার পূর্ণ বিশ্বাস সঠিক বিচার ও তদন্ত হবে।”

এদিকে, সোমবার সকাল ৭টা থেকে নন্দীগ্রামে শুরু হওয়া এই ভোটগ্রহণ পর্বে সকাল থেকেই বুথগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। শান্তিপূর্ণ ভোটের দাবি করা হলেও, সোনুচূড়ায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে বিক্ষোভ এবং এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তা সত্ত্বেও প্রশাসনিক কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর রয়েছে নির্বাচন কমিশন।