‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, এবার নতুন নামে চিনবে দেশ! বড় ঘোষণা শমীক ভট্টাচার্যের

দীর্ঘদিনের জল্পনা এবং রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে কি বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের নাম? সোমবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘Paschim Banga’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য রাজ্য সরকার খুব শীঘ্রই বিধানসভায় একটি নতুন বিল আনতে চলেছে বলে খবর।
নতুন নাম কী হবে?
জানা গিয়েছে, বাংলায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ বা ‘বাংলা’ যা-ই হোক না কেন, অফিশিয়াল ও ইংরেজি রেকর্ডে ‘West Bengal’ কথাটি বদলে এবার থেকে শুধুমাত্র ‘Paschim Banga’ করা হবে। শমীক ভট্টাচার্য জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যের ঐতিহ্য ও ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা সম্ভব হবে।
বারাণসীতে ‘পশ্চিমবঙ্গ ভবন’ নির্মাণ
এদিন বারাণসীতে একটি নতুন ‘পশ্চিমবঙ্গ ভবন’ নির্মাণের পরিকল্পনার কথাও ঘোষণা করেন শমীকবাবু। তিনি জানান, রাজ্যের সংস্কৃতি ও পর্যটন দফতর, কেন্দ্র এবং কোচবিহারের রাজপরিবারের বংশধরদের যৌথ উদ্যোগে এই ভবনটি তৈরি করা হবে। এটি বারাণসীতে বাংলার একটি বড় সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করার পাশাপাশি সেখানে যাওয়া তীর্থযাত্রী ও পর্যটকদের থাকার সুবিধা দেবে। বারাণসীর সঙ্গে বাংলার দীর্ঘদিনের আধ্যাত্মিক ও ঐতিহাসিক যোগসূত্র রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নাম বদলের দীর্ঘ ইতিহাস
উল্লেখ্য, রাজ্যের নাম পরিবর্তনের এই উদ্যোগ নতুন নয়। অতীতে বাম জমানায় ১৯৯৯ সালে এবং পরবর্তী সময়ে ২০১১ ও ২০১৬ সালে তৃণমূল সরকারের আমলেও একাধিকবার রাজ্যের নাম বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল। কখনও ‘বাংলা’, আবার কখনও ইংরেজি ও হিন্দিতে আলাদা নামকরণের প্রস্তাব পাশ হলেও রাজনৈতিক মতপার্থক্য এবং কেন্দ্রের অনুমোদনের অভাবে তা ঝুলে ছিল। তবে এবার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন এই বিল নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।