রাশিয়ায় রহস্যজনক প্লেগ আতঙ্ক! ল্যাব কর্মীর মৃত্যুর পরই সামনে এল ‘প্রফেট অফ ডুমে’র ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী

রাশিয়ার সাইবেরিয়ায় একটি ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে ঘটিত বিপত্তির জেরে ছড়িয়ে পড়েছে তীব্র প্লেগ আতঙ্ক। সাইবেরিয়ার ইরুৎস্ক অ্যান্টি প্লেগ ইনস্টিটিউটে গবেষণার সময় ২৮ বছর বয়সি ডারিয়া শিপিলোভা নামের এক তরুণী গবেষক নিউমোনিক প্লেগের ব্যাকটিরিয়াযুক্ত টেস্ট টিউব ভুলবশত ভেঙে ফেলেন বলে অভিযোগ। সরাসরি ফুসফুসে আঘাত হানা এই মারাত্মক সংক্রমণে আক্রান্ত হয়ে গত ১ অক্টোবর ওই কর্মীর মৃত্যু হয়। ঘটনার জেরে স্থানীয় একটি হাসপাতাল ও তার আশপাশের এলাকা সহ প্রায় ২০০ জনকে নিভৃতবাস বা কোয়ারান্টিনে রাখা হয়েছে। এই আকস্মিক প্লেগ পরিস্থিতি ও প্রাণহানির আবহে নতুন করে চর্চায় উঠে এসেছে ব্রিটিশ ভবিষ্যৎদ্রষ্টা তথা ‘প্রফেট অফ ডুমে’র তকমা পাওয়া ক্রেগ হ্যামিলটন-পার্কারের সাম্প্রতিক এক ভবিষ্যদ্বাণী। গত ২৪ সেপ্টেম্বর করা তাঁর দাবি অনুযায়ী, ব্যাকটিরিয়া জনিত সংক্রমণ যা সরাসরি বুকে বা ফুসফুসে আক্রমণ হানে, তার জেরে পৃথিবী আরও একবার এক ভয়ঙ্কর অতিমারির শিকার হতে চলেছে। এর আগে কোভিড-১৯ এবং রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঠিক ভবিষ্যদ্বাণী করার দাবি করে তিনি আগেই আলোচনায় এসেছিলেন। বর্তমান পরিস্থিতিতে তাঁর এই নতুন সতর্কবার্তা ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও রাশিয়ার সরকারি তরফে এই ঘটনার নেপথ্যে থাকা ল্যাবরেটরি দুর্ঘটনা বা প্লেগ সংক্রমণের বিষয়টি নিয়ে সম্পূর্ণ স্পষ্ট কোনো ঘোষণা করা হয়নি, তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে রাশিয়াকে যেকোনোপ্রকারে সাহায্য করতে প্রস্তুত মার্কিন প্রশাসন। অন্যদিকে, ক্রেগ হ্যামিলটন-পার্কারের মতে আগামীদিনের এই অতিমারি মোকাবিলা করা কঠিন হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর সহায়তায় শেষ পর্যন্ত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার এই স্বাস্থ্য সংকটের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে।